জামালপুরে গভীর রাতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার গভীর রাতে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতে বর ও কনের পরিবারকে জরিমানার পাশাপাশি কনের বাবার কাছ থেকে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গোপনে উপজেলার নিলক্ষীয়া ইউনিয়নে এক স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে ইউএনও বাল্যবিবাহ আয়োজনের খবর পান। পরে গতকাল রাত সাড়ে ১১টার দিকে ইউএনও ওই বাড়িতে উপস্থিত হয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ছেলে ও কনের বিয়ের বয়স এখনো হয়নি। ফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছেলের বাবাকে ১৫ হাজার টাকা এবং কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে কনের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান বলেন, বাল্যবিবাহের বিষয়ে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। কোথাও বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই বিয়ে বন্ধ করা হয়েছে। সব সময় খোঁজ রাখাও হবে, যাতে আবার বিয়ের আয়োজন না করতে পারেন।