জামালপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
জামালপুর পৌর শহরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পূর্ব নয়াপাড়া এলাকার স্বামীর বাসা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ওই গৃহবধূর স্বামী।
নিহত গৃহবধূর নাম মুসলিমা বেগম (৩০)। তিনি শহরের নয়াপাড়া এলাকার মোকছেদ আলীর কন্যা। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. রুবেল মিয়া (৩৫)। তিনি মেলান্দহ উপজেলার ঝাউগড়া এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক।
নিহত গৃহবধূর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এক বছর আগে রুবেল মিয়া ও মুসলিমা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। ছয় মাস আগে মুসলিমাকে পিটিয়ে তাঁর পা ভেঙে দিয়েছিলেন রুবেল মিয়া। এর জের ধরে বৃহস্পতিবার রাত দুইটার দিকে দুজনের ঝগড়া লাগে। একপর্যায়ে রুবেল মিয়া তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। ঘরের বিছানার ওপর লাশ ফেলে রাতেই তিনি পালিয়ে যান। সকালে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর ভাগনে মোশারফ হোসেন বলেন, তাঁর খালার স্বামী একজন বখাটে। রাতের কোনো এক সময় তাঁর খালাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছেন রুবেল মিয়া। তাঁর খালার গলায় শ্বাসরোধ করার দাগও আছে। এ ঘটনায় তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে। নিহত গৃহবধূর গলায় দাগ আছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।