জামালপুরে চালককে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাই
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চালককে শ্বাসরোধে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ইউনিয়নের মাটি খোলা গ্রামের একটি কবরস্থান থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম শহীদুল ইসলাম (৪০)। তিনি শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রামের মৃত আফছার আলীর ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার শহীদুল প্রতিদিনের মতো বাড়ি থেকে ইফতারের পর ভ্যান নিয়ে বের হন। রাত ৯টা পর্যন্ত স্থানীয় লোকজন তাঁকে ভ্যান নিয়ে শাহবাজপুর বাজারেই দেখেছেন। এর পর থেকে তাঁকে আর বাজারে দেখা যাচ্ছিল না। রাতে তিনি বাড়িতেও ফেরেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। আজ সকালে স্থানীয় লোকজন মাটি খোলা গ্রামের একটি কবরস্থানে শহীদুলের লাশ পড়ে দেখতে দেখেন। খবর পেয়ে দুপুরে ১২টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার পর ভ্যানগাড়ি ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। বিভিন্ন বিষয় ধরে তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ কাজ করছে।