জামালপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন জামালপুর শহরের চন্দ্রা এলাকার ফজলু মিয়ার ছেলে মো. স্বপন মিয়া (২০) ও একই এলাকার রসুল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২১)। তাঁরা দুজনই পেশায় মোটরগাড়ির মিস্ত্রি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন ও আনোয়ার মোটরসাইকেলে চন্দ্রা এলাকা থেকে ইসলামপুর যাচ্ছিলেন। পথে জামালপুর-মেলান্দহ সড়কের চরপলিশা এলাকায় ট্রাকের ধাক্কায় তাঁরা দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনার খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে আজ সকাল পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।