জামালপুরে ট্রেনে কাটা পড়ে ব্যাংক কর্মকর্তা নিহত
জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার নিহত ব্যক্তির পরিবার মরদেহটি শনাক্ত করে।
প্রাণ হারানো ৫২ বছর বয়সী মো.কামরুল আলম খান জামালপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকার মৃত শফিকুল ইসলাম খানের ছেলে। তিনি সোনালী ব্যাংক জামালপুর প্রধান শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
রেলওয়ে থানা ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে বাসা থেকে বের হন কামরুল আলম। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতভর সন্ধান চালিয়েও তাঁকে না পেয়ে পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও জানান। আজ সকালে রেলওয়ে থানা–পুলিশ স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তির একটি লাশ উদ্ধার করে। খবর পেয়ে ওই পরিবারের লোকজন রেলওয়ে থানায় গিয়ে কামরুল আলমকে শনাক্ত করেন।
নিহত ব্যক্তির স্ত্রী বকুল আক্তার বলেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। চার মাস ধরে তিনি অফিস থেকে ছুটি নিয়ে বাসায় থাকতেন। হঠাৎ গতকাল রাত নয়টার দিকে বাসা থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর পাওয়া যাচ্ছিল না। কীভাবে তিনি রেলওয়ে স্টেশনে গিয়েছেন, এ বিষয়ে ধারণা করতে পারছেন না বকুল আক্তার।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে কামরুল আলমের মৃত্যু হয়। আজ সকাল পর্যন্ত তাঁর মৃতদেহটি অজ্ঞাত হিসেবেই ছিল। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। পরে নিহত ব্যক্তির পরিবার লাশটিকে শনাক্ত করে।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।