জামালপুরে ট্রেনের ধাক্কায় এক হাফেজ নিহত
জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. নাঈম (১৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত ও তাঁর দুই বন্ধু গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার মোশারফগঞ্জ টঙ্গের আলগা এলাকার অরক্ষিত লেভেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে পবিত্র কোরআনের হাফেজ ছিল। গুরুতর আহত তাঁর দুই বন্ধু মো.শাকিল (১৪) ও মেহেদীকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার মলমগঞ্জ এলাকা থেকে নাঈম ও তার বন্ধুরা দেওয়ানগঞ্জ উপজেলার খরমা গ্রামে যাচ্ছিল। ইসলামপুরের মোশারফগঞ্জ টঙ্গের আলগা এলাকার অরক্ষিত লেভেলক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মো.নাঈমের মৃত্যু হয়। এতে মো.শাকিল ও মেহেদী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলজার হোসেন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।