জামালপুরে তিন মাস ধরে ১০০ শয্যার করোনা ইউনিট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের ১০০ শয্যার করোনা ইউনিট ৩ মাস ধরে বন্ধ। আজ বৃহস্পতিবার বিকেলে তোলা
ছবি: প্রথম আলো

জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের ১০০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট ৩ মাস ধরে বন্ধ আছে। বিকল্প হিসেবে জামালপুর জেনারেল হাসপাতালে ৩৬ শয্যার একটি করোনা ইউনিট চালু করা হয়েছে। তবে কয়েক সপ্তাহে জামালপুরে করোনা সংক্রমণ বাড়ায় করোনা রোগীদের চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে জেনারেল হাসপাতালে করোনা ইউনিট চালু করায় সাধারণ রোগীদের মধ্যেও করোনা ছড়ানোর শঙ্কা করা হচ্ছে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের অক্টোবর মাস থেকেই শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ শয্যার ওই করোনা ইউনিটে কোনো রোগী ছিলেন না। সেখানে কোনো অক্সিজেনের ব্যবস্থাও নেই। বর্তমানে করোনা রোগীদের অক্সিজেন জরুরি। ফলে ওই ইউনিট আপাতত সেই রকমই রেখে জরুরি ভিত্তিতে জামালপুর জেনারেল হাসপাতালে একটি ইউনিট চালু করা হয়েছে। সেখানে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। তবে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে অক্সিজেন প্রয়োজন নেই, এমন রোগীদের আবার ওই ইউনিটে দেওয়া হবে। ওই ইউনিট একদম বন্ধ করা হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ১০০ শয্যার করোনা আইসোলেশন ইউনিট ভবনের প্রধান ফটকটি তালাবদ্ধ। কোথাও কোনো লোকজন নেই। করোনা ইউনিটের কোনো সাইনবোর্ডও নেই। সবকিছু বন্ধ রয়েছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে সেখানে কোনো লোকজনের আনাগোনা নেই।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৪। জামালপুরে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন।