জামালপুরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচন
প্রতীকী ছবি

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ চলাকালে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখলে নেওয়ার অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পক্ষীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোটাররা জানিয়েছেন, আজ সকাল থেকে ভালোই ভোট চলছিল। তবে সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলী খানের লোকজন পক্ষীমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের এজেন্টদের বের করে দেন। এতে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোট ভালোই চলছিল। সকাল সাড়ে নয়টার দিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আসাদুজ্জামান আকন্দের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে আমার সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এজেন্টদের আগের জায়গায় ফেরানো হয়।’

অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী আয়ুব আলী খান প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মিথ্যা। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ইলিয়াস সাংবাদিকদের বলেন, স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের নিয়ে একটু সমস্যা হয়েছিল। পরে তা সমাধান হয়েছে।