জামালপুরে দুই সপ্তাহে ১০০ জনের করোনা শনাক্ত
জামালপুরে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য বিভাগের আজ সোমবারের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। গত দুই সপ্তাহে জেলায় সংক্রমিত মানুষের সংখ্যা ১০০।
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ২ হাজার ২০৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭০ জন।
জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। সামাজিক দূরত্ব বা ন্যূনতম স্বাস্থ্যবিধি না মানায় দিন দিন শনাক্তের হার বাড়ছে বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুয়ায়ী, ১৮ থেকে ৩১ মে পর্যন্ত ১৪ দিনে জেলায় ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমিত ব্যক্তিদের বেশির ভাগই বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত বছরের ৫ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।
এদিকে আজ সোমবার সকালে জেলা শহর ঘুরে দেখা গেছে, বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন পরিবহনে মানুষের চলাচল স্বাভাবিক সময়ের মতোই। বেশির ভাগ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। বিভিন্ন জায়গায় লোকজনকে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। স্বাস্থ্যবিধি মানাতে স্থানীয় প্রশাসনের মধ্যেও তেমন কোনো তৎপরতাও লক্ষ করা যায়নি।
জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস প্রথম আলোকে বলেন, ঈদের পর সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সেই ধারণাই ঠিক হয়েছে। করোনা সংক্রমণের প্রথম দিকে মানুষের মধ্যে একটি ভীতি কাজ করত। তখন সচেতনতাও ব্যাপকভাবে লক্ষ করা গেছে।
সিভিল সার্জন বলেন, এখন জামালপুরে মানুষের মধ্যে সচেতনতা একেবারে কমে গেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না মানুষ। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি কঠোর হলে সংক্রমণ কমার সম্ভাবনা রয়েছে।