জামালপুরে দুর্গত এলাকার পানি নেমেছে, ঘরে ফিরছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

জামালপুরে বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে গেছে। তলিয়ে যাওয়া ঘরবাড়ি ও ফসলি জমি আবার জেগে উঠেছে। ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষ। তবে ফসলি জমিতে কাদামাটি রয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে এখনো খাবারের সংকট আছে বলে জানা গেছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি ৩৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। বন্যার পানির সঙ্গে যুদ্ধ করে, খেয়ে না খেয়ে কোনোরকমে দিন কাটিয়েছে বন্যাদুর্গত মানুষ। স্থানীয় লোকজনের অভিযোগ, ওই সময় ত্রাণের চাল, এমনকি শুকনা খাবারও ঠিকমতো পায়নি তারা। এখনো সেই খাদ্যসংকট চলছে। তবে এর মধ্যেও বানভাসি মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী উপজেলা বন্যাকবলিত হয়েছিল। এ ছাড়া তিনটি পৌরসভা আংশিক বন্যাকবলিত হয়। ৩৯টি ইউনিয়নের ১৬৯টি গ্রামের ২২ হাজার ৯৩৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের ৪৭৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় আট হাজার ফসলি জমি তলিয়ে গিয়েছিল।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান জানান, গত ২৪ ঘণ্টায় ৩৬ সেন্টিমিটার পানি কমেছে। এখন পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশির ভাগ এলাকা থেকে পানি নেমে গেছে। নিচু কিছু এলাকায় পানি রয়েছে। আজকের মধ্যেই পানি পুরোপুরি নেমে যাবে। নতুন করে আর পানি বাড়ার কোনো আশঙ্কা নেই বলে ধারণা করছেন তিনি।

জামালপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী প্রথম আলোকে বলেন, দুর্গত এলাকা থেকে পানি নেমে গেছে। লোকজন ঘরে ফিরছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে সাহায্য-সহযোগিতা করা হবে। ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। দুর্গত মানুষের জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে।