জামালপুরে দুর্বৃত্তদের হাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চটলা গ্রামের আবদুল আওয়াল (১৭) নামের এক কিশোরকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আওয়াল উপজেলার চটলা গ্রামের মো. খলিল মিয়ার ছেলে। সে শ্রমিক ছিল। গতকাল শনিবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়াল গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। কোনো সন্ধান না পাওয়ায় সবাই ঘুমিয়ে পড়েন। আজ সকালে বাড়ির পাশে স্থানীয় লোকজন ওই কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, আওয়ালের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। ওই কিশোরের হত্যার বিষয়টি এখনো জানা যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই কিশোরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।