জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার চিকাজানি ইউনিয়নের নয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো নয়া গ্রামের মোজাফফর হোসেনের মেয়ে মিথিলা আক্তার (১২) ও একই গ্রামের লালু মিয়ার মেয়ে আসমানী (১২)। তারা দুজন টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। ফলে নয়া গ্রামের কয়েকটি ডোবা পানিতে ভরে যায়। ওই দুই শিশু গরুর ঘাস কাটতে সাঁতার কেটে ডোবা পাড়ি দেয়। ঘাস কাটা শেষ করে আবার সাঁতার কেটে বাড়ি ফিরছিল। এ সময় দুজনে পানিতে ডুবে যায়। দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যায়।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবির।