জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি স্থানে ২০ মিটার ধসে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে বাঁধে এ ধস শুরু হয়। পানির স্রোতের ধাক্কায় বাঁধের ওই অংশের সিসি ব্লক নদীতে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতে ব্যাপক স্রোত হচ্ছে। কুলকান্দি ঘাট থেকে প্রায় ৭০০ মিটার দূরে বাঁধের একটি অংশে ওই ভাঙন সৃষ্টি হয়। পানির¯স্রোতে বাঁধ থেকে সিসি ব্লক ধীরে ধীরে সরে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নদীভাঙনে উপজেলার পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ এখন সর্বস্বান্ত। প্রতিবছর যমুনার ভাঙনে মানুষ ক্ষতিগ্রস্ত হতেন। বন্যায় গ্রামের পর গ্রাম প্লাবিত হতো। অনেক আন্দোলন ও দাবিদাওয়ার পর ২০১৮ সালে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে বাঁধের খুব কাছ থেকে ড্রেজার ও নৌকা দিয়ে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করেছে। এ জন্য বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ জনপদ রক্ষায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০১৮ সালে ইসলামপুরের কুলকান্দি থেকে গুঠাইল ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণে ৯০ কোটি টাকা ব্যয় হয়। ২০২০ সালের জুনে বাঁধটির নির্মাণকাজ শেষ হয়। এতে নদীভাঙন ও বন্যা থেকে অনেকটাই মুক্তি পেয়েছিলেন গ্রামবাসী।
কুলকান্দি এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিন বলেন, হঠাৎ করে নদীতে পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে কুলকান্দি-গুঠাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাঝখানে দুটি স্থানে ভাঙন শুরু হয়। এ পর্যন্ত অনেকখানি করে ধসে নদীর পানিতে তলিয়ে গেছে সিসি ব্লক। ধীরে ধীরে ফাটল ধরে আরও ভাঙছে। দ্রুত ভাঙা অংশ মেরামতের দাবি জানান তিনি।
পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ প্রথম আলোকে বলেন, নদীতে পানি বাড়ছে। এ ছাড়া এবার নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। ফলে এই অংশে পানির স্রোত তীব্র। গভীরতাও অনেক বেশি। একই সঙ্গে ওই এলাকায় বালু উত্তোলনের প্রভাব রয়েছে। সবকিছু মিলিয়ে বাঁধের ২০ মিটার ধসে গেছে। ভাঙা অংশ মেরামতে কাজ শুরু হয়েছে। দ্রুত কাজ শেষ হবে।