জামালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪০ মিটার নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার সন্ধ্যা থেকে বাঁধের ৪০ মিটার অংশে ধস শুরু হয়
ছবি: প্রথম আলো

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি স্থানের ৪০ মিটার অংশ ধসে গেছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে বাঁধের ওই এলাকায় ধস শুরু হয়। এমন পরিস্থিতিতে দ্রুত বাঁধসংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে উজান থেকে আসা পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টির কারণে যুমনা নদীর পানি অস্বাভাবিক হারে বাড়ছে। এতে উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে নদীতে ব্যাপক স্রোত হচ্ছে। কুলকান্দি ঘাট থেকে প্রায় ৮০০ মিটার দূরে বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। পানির স্রোতে বাঁধ থেকে ব্লকগুলো ধীরে ধীরে সরে যাচ্ছে।

বাঁধ নির্মাণের আগে যমুনা নদীর ভাঙনে ইসলামপুর উপজেলার পশ্চিমাঞ্চলের গ্রামের পর গ্রাম প্লাবিত হতো। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি ও আন্দোলনের পর ২০১৮ সালে বাঁধটি নির্মাণ করা হয়েছিল। তবে দীর্ঘ সময় ধরে বাঁধের খুব কাছ থেকে খননযন্ত্র ও নৌকা দিয়ে একটি সিন্ডিকেট বালু উত্তোলন করছে। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। এর ফলে গতকাল সন্ধ্যা থেকে বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া গত ৭ এপ্রিল বাঁধের অন্য অংশের ২টি স্থানে ২০ মিটার অংশ ধসে নদীতে চলে যায়। পরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণ করে।

ধসে যাওয়া অংশে বালুর বস্তা ফেলতে শুরু করেছে পাউবো
ছবি: প্রথম আলো

জামালপুর পাউবো সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ইসলামপুরের কুলকান্দি থেকে গুঠাইল ঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণে ব্যয় হয় ৯০ কোটি টাকা। ২০২০ সালের জুনে বাঁধটির নির্মাণকাজ শেষ হয়। এতে নদীভাঙন ও বন্যা থেকে অনেকটাই মুক্তি পেয়েছিল গ্রামবাসী।

মিয়াপাড়া গ্রামের বাসিন্দা আতাউর রহমান বলেন, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়ছে। পানির ধাক্কায় বাঁধ ভেঙে পড়ছে। বাঁধের অন্য স্থানেও ধীরে ধীরে ফাটল ধরছে। পাউবো ভাঙনের স্থানে বালুর বস্তা ফেলতে শুরু করেছে। তবে যেভাবে ভাঙছে, শুধু বালুর বস্তা ফেলে ভাঙন রোধ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বাঁধটি ভেঙে গেলে এই গ্রামের মানুষের সর্বনাশ হয়ে যাবে।

আজ বৃহস্পতিবার সকালে জামালপুর পাউবোর পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় ১০১ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১৯৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্য সময়ের চেয়ে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। এতে নদীতীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাউবো জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ প্রথম আলোকে বলেন, পাহাড়ি ঢলে নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পূর্ব পাশে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এর ফলে এই অংশে পানির চাপ বেশি। একই সঙ্গে নদীতে তীব্র স্রোত রয়েছে। বাঁধ এলাকায় নদীর গভীরতাও অনেক বেশি। পানির তীব্রতাও বেশি। বাঁধের কিছু অংশ ধসে গেছে। সব মিলিয়ে ৩০ মিটার ধসে গেছে বলে তিনি দাবি করেন। ভাঙা অংশ মেরামতের কাজ শুরু হয়েছে। ওই স্থান যেন আর না ভাঙে, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।