জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় গ্রামের সব রাস্তা তলিয়ে গেছে। বন্যার্ত মানুষ নৌকায় চলাচল করছেন। ছবিটি শুক্রবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

জামালপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। বন্যাদুর্গত এলাকার মানুষ দুর্ভোগে আছে। সেসব এলাকায় দেখা দিয়েছে খাদ্যের সংকট। আজ শনিবার বেলা ১১টার দিকে যমুনা নদীর বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যাকলতি কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত বেশির ভাগ মানুষ হতদরিদ্র। অনেক পরিবার কয়েকবার নদীভাঙনের শিকার হয়েছে। তারা প্রতিবছর বন্যায় পড়ে। এবার তার সঙ্গে আছে করোনার হানা। করোনার কারণে বহু পরিবার কর্মহীন হয়ে পড়েছে। তারা দিনমজুরি করে সংসার চালাত। বন্যার কারণে এক সপ্তাহ ধরে এসব পরিবারের পুরুষ সদস্যরা কর্মহীন।এখন তাঁরা তিন বেলা ঠিকমতো খেতে পারছেন না। অনেকেই গবাদিপশু নিয়ে বিপাকে আছেন। মাঠের জমি পানির নিচে তলিয়ে আছে। এ কারণে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ৩৯টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়েছে। ১৬৯টি গ্রাম বন্যাকবলিত হয়েছে। ২২ হাজার ৯৩৪টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আট হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার ধরন খুব ধীরগতির। বন্যার তেমন একটা উন্নতি না হলেও পানি কমেছে। পানি বাড়ার আশঙ্কা না থাকলেও এলাকা থেকে পানি নামতে দেরি হবে। ফলে দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।

জামালপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষের মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত ৯০ মেট্রিক টন চাল ও ১২ লাখ ৫০ হাজার টাকার ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। বন্যার পানি কমতে শুরু করেছে। এবার ভয়াবহ বন্যার আশঙ্কা নেই।