জামালপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড
জামালপুরের ইসলামপুরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অপরাধে ছেলেকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পূর্ব শশারিয়াবাড়ী এলাকার মৃত অজর উদ্দিনের ছেলে মো. রুকনুজ্জামান (৩১)। তিনি পেশায় কৃষক। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২১ জুলাই রাত তিনটায় জমি নিয়ে কলহের জেরে অজর উদ্দিনকে তাঁর ছেলে রুকনুজ্জামান লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অজর উদ্দিনের মৃত্যু হয়। ঘটনার পরদিন ২২ জুলাই নিহত ব্যক্তির স্ত্রী কমলা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় তাঁর সৎছেলে রুকনুজ্জামানকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার উপরিদর্শক (এসআই) আবদুল বাছেদ ২০১২ সালের ১৮ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আদালত সোমবার রুকনুজ্জামানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র। আসামিপক্ষে ছিলেন আমান উল্লাহ। সরকারি কৌঁসুলি (পিপি) নির্মল কান্তি ভদ্র রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।