জামালপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে মো. সিয়াম (২২) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই নদের পাইলিং ঘাট এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে।
সিয়াম ইসলামপুর সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলীর ছেলে। তাঁর বাড়ি এ উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে সিয়াম বাড়িতেই ছিলেন। বন্ধুদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘুরতে বের হন। সন্ধ্যার আগমুহূর্তে ইসলামপুর পৌর শহরের পাইলিং ঘাট এলাকার শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু-সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন। পানিতে ডুব দিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে নদ থেকে উদ্ধারে চেষ্টা শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ১০টার দিকে নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, সিয়াম বন্ধুদের সঙ্গে সেতু এলাকায় ঘুরতে যান। পরে সন্ধ্যার দিকে নদে গোসল করতে নামেন। এরপর নদের পানিতে ডুবে যান। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।