জামালপুরে ভোটকেন্দ্রে ঢুকে নৌকায় সিল, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার ৯টি ইউপি নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে আজ বুধবার। কিছু ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও বেশ কয়েকটি ভোটকেন্দ্রে জোর করে ঢুকে ব্যালটে সিল মারা, সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই পরিদর্শকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউপির লংকারচর দাখিল মাদ্রাসা কেন্দ্রে নৌকার লোকজন বেলা ১১টার দিকে সিল মারতে আসেন। ব্যালট পেপার না দেওয়ায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকিউল ইসলামকে লাঞ্ছিত করা হয়। জাকিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছিল। হঠাৎ করে কিছু ছেলেপেলে এসে সিল মারার চেষ্টা করেন। তাঁদের সেই কাজ করতে দেওয়া হয়নি।’
দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউপির মেরুরচর হাছেন আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের লোকজন কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বিদ্রোহী প্রার্থী মো. মোনোয়ার হোসেনের লোকজন খবর পেয়ে কেন্দ্রে গিয়ে বাধা দেন। এতেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বিদ্রোহী প্রার্থীর বিক্ষুব্ধ কর্মীরা ওই কেন্দ্রের মাঠে দাঁড়িয়ে থাকা বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে মাঠে থাকা আরও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে ওসি শফিকুল ইসলাম, ওসি তদন্ত আবদুর রহিম ও আলামিন নামের স্থানীয় একজন আহত হন।
বিদ্রোহী প্রার্থীর বিক্ষুব্ধ কর্মীরা ওই কেন্দ্রের মাঠে দাঁড়িয়ে থাকা বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের গাড়িতে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে মাঠে থাকা আরও দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, কেন্দ্রের লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তাতেও কাজ হয়নি। দুর্বৃত্তরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, হঠাৎ করে তারা হামলা চালিয়ে গাড়িতে আগুন দেয়। এতে তিনিও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
এদিকে সকাল নয়টা থেকেই কেন্দ্র দখলে নিয়ে বকশীগঞ্জ উপজেলার নীলক্ষিয়া ইউপির নৌকার চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের লোকজনের বিরুদ্ধে প্রকাশ্যে সিল মারার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী। গোলাম রব্বানী এ কারণে সকাল ১০টার দিকে ভোট বর্জন করেন। সিল মারা নিয়ে আরেকজন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের লোকজনের সঙ্গে নৌকার লোকজনের সংঘর্ষ হয়।
দেওয়ানগঞ্জের ডাংধরা ইউপির চেংটিমারি মিতালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিভাঙ্গা ইউপির সানন্দবাড়ী আকন্দপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউপির মেরুরচর হাছেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সব ভোট বাতিল করা হয়েছে।
জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, দুই উপজেলার নয়টি ইউপিতে নির্বাচন হয়েছে। বেশির ভাগ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। ওই সব কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।