জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টায় যমুনার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যমুনার পানি বাড়ায় দেওয়ানগঞ্জ পৌরসভার আংশিক, চুকাইবাড়ি, বাহাদুরাবাদ ও চিকাজানী ইউনিয়ন, ইসলামপুর উপজেলার চিনাডুলী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া, সাপধরী ইউনিয়নের নদীর তীরবর্তী নিম্নাঞ্চল এবং দুর্গম চরাঞ্চল প্লাবিত হয়েছে। এসব অঞ্চলের মানুষের মধ্যে পানিবন্দী হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন গ্রামের ফসলি মাঠ তলিয়ে গেছে। পানি গ্রামের বাসিন্দাদের আঙিনা পর্যন্ত চলে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে লোকজন পানিবন্দী হয়ে পড়বেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর তীরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রথম আলোকে বলেন, গত কয়েক দিন থেকেই নদীতে পানি বাড়ছিল। শনিবার পানি গ্রামে গ্রামে প্রবেশ করতে শুরু করে। গতকাল রাত থেকে যমুনা নদীবেষ্টিত এলাকার রাস্তাঘাটেও পানি উঠতে শুরু করেছে। এ ছাড়া গত বন্যায় বিভিন্ন গ্রামের ভাঙা বাঁধ ও রাস্তাঘাট দিয়ে পানি বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা আছে।