জামালপুরে সরকারি কর্মকর্তা ও ৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর জেলায় নতুন করে একজন নারী সরকারি কর্মকর্তা, পাঁচ স্বাস্থ্যকর্মীসহ সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৭৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান এ তথ্য জানান। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের করোনা পিসিআর ল্যাব থেকে শনিবার প্রথম দফায় আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে সাতজনের করোনা পজিটিভ আসে। তাঁদের মধ্যে জামালপুর সদরের তিনজন, ইসলামপুরের তিনজন ও দেওয়ানগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

সদর উপজেলার তিনজনের মধ্যে একজন নারী সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহায়ক এবং অন্যজন সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহায়ক।
অন্যদিকে ইসলামপুরে আক্রান্ত তিনজনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক অ্যাম্বুলেন্সচালক, একজন হিসাবরক্ষক এবং নারায়ণগঞ্জফেরত এক ব্যক্তি রয়েছেন। আর দেওয়ানগঞ্জে আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী।
জামালপুরের ডেপুটি সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান ‘প্রথম আলো’কে বলেন, নতুন আক্রান্ত সাতজন আগের আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যাওয়ায় তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ আসে। তাঁদের চিকিৎসার বিষয়ে আলোচনা চলছে। তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।