জামালপুরে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত
জামালপুর শহরের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার আগে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের পলাশঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সৈয়দ গোলাম সরোয়ার (৪৩)। তিনি জামালপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। শহরের হাটচন্দ্রা এলাকার সৈয়দ গোলাম মোস্তফার ছেলে সৈয়দ গোলাম সরোয়ার ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি দুই ছেলেসন্তানের জনক।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গোলাম সরোয়ার মোটরসাইকেলে সন্ধ্যার আগে বাসা থেকে বেরিয়ে জামালপুর শহরের বাইপাস এলাকায় যাচ্ছিলেন। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের পলাশঘর এলাকায় পেছন থেকে একটি গাড়ি প্রথমে তাঁকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে আরেকটি গাড়ি তাঁর ওপর দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। এই খবরে তাঁর এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িকে শনাক্ত ও বিচারের দাবিতে বিক্ষুব্ধ লোকজন রাত সাড়ে আটটার দিকে মিয়াবাড়ী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।