জামালপুরে ৩ মাদ্রাসাছাত্রী নিখোঁজের ঘটনায় মামলা, ২ দিনেও সন্ধান মেলেনি
জামালপুরের ইসলামপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসা থেকে নিখোঁজ তিন ছাত্রীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আজ বুধবার সকালে নিখোঁজ এক ছাত্রীর পরিবার মামলা করেছে। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক চার মাদ্রাসাশিক্ষককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদ্রাসার পরিচালক মো. আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ইলিয়াস আহম্মেদ, রাবেয়া বেগম ও শুকরিয়া পারভীন। নিখোঁজ তিন ছাত্রীর সবাই উপজেলার গোয়ালেরচর দারুত তাক্কওয়া মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত সোমবার ভোরে তারা ওই মাদ্রাসা থেকে নিখোঁজ হয়।
পুলিশ জানায়, তিন ছাত্রী নিখোঁজের বিষয়ে তদন্তের অংশ হিসেবে পুলিশ সোমবার রাতে ওই মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় মাদ্রাসায় তল্লাশি ও সব শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে ওই রাতেই পুলিশ মাদ্রাসার চার শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সারা দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া প্রথম আলোকে বলেন, ওই তিন ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর আছে। বিভিন্ন বিষয় ধরে পুলিশের একাধিক দল কাজ করছে। ওই চার শিক্ষককেও সারা দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এক ছাত্রীর পরিবার মামলা করেছে। ওই মামলা চার শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই চারজন ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে ওই তিন ছাত্রী মাদ্রাসার অন্য আবাসিক শিক্ষার্থীর সঙ্গে একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ফজরের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে সব শিক্ষার্থীকে জাগিয়ে দেওয়া হয়। অন্যদের মতো ওই তিন শিক্ষার্থীও নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। এর পর থেকেই তারা নিখোঁজ। পরে তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়। ওই দিন বিকেলে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।