জামালপুরে ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়।

সকালে সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসনের প্রাঙ্গণে মানুষের ভিড়। নারী ও পুরুষেরা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। সকাল নয়টা থেকেই বিভিন্ন এলাকার লোকজন এখানে আসতে শুরু করেন। সকাল ১০টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এরপর ক্রেতাদের কাছে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, টিসিবির জামালপুরের ডিলার সুভাস চন্দ্র সাহা।

জামালপুর শহরের গোলাপবাগ এলাকার বাসিন্দা সরুবি বেগম। তিনি খবর পেয়ে সকাল নয়টা এখানে এসে লাইনে দাঁড়ান। তিনি সকাল সাড়ে ১০টার দিকে ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ কেনেন। তিনি বলেন, ‘বাজারে এখনো ২০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এত টাকায় পেঁয়াজ কেনা কোনোভাবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির খবর শুনে এখানে আসি। লাইনে দাঁড়িয়ে এক কেজি পেঁয়াজ কিনেছি। এই ধরনের পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকা উচিত।’

এই বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারিভাবে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ এক হাজার মানুষের কাছে পেঁয়াজ বিক্রি করা হয়েছে। প্রত্যেকে এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। কাল বৃহস্পতিবার আরও এক হাজার মানুষের কাছে এক কেজি করে পেঁয়াজ বিক্রি করা হবে। এসব পেঁয়াজ টিসিবির ডিলাররা বিক্রি করবেন। পেঁয়াজ বিক্রির কার্যক্রমে জেলা প্রশাসন সব ধরনের সহায়তা দেবে।