জামালপুরের দ্বিতীয় দিনের বিশেষ বিধিনিষেধ চলছে ঢিলেঢালা
জামালপুর পৌর শহরে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে বিশেষ বিধিনিষেধ অনেকটাই ঢিলেঢালাভাবে চলছে। পৌর শহরে সামাজিক দূরত্ব দেখা যায়নি মানুষের মধ্যে। বিধিনিষেধ মানাতে প্রশাসনেরও তৎপরতা চোখে পড়েনি। সব জায়গাসহ বিভিন্ন পরিবহনে মানুষের চলাচল স্বাভাবিক সময়ের মতোই। চালক ও যাত্রীদের মুখে মাস্ক দেখা যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শহরের তমালতলা, দয়াময়ী, মার্কেট এলাকা, সকাল বাজার, বানিয়া বাজার, ভকেশনাল মোড়, লম্বাগাছ, গেইটপাড় এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি বিষয়ে উদাসীন। প্রতিটি যানবাহনে যাত্রীরা গা ঘেঁষাঘেঁষি করে বসে চলাচল করছেন। বিভিন্ন জায়গায় লোকজনকে জটলা পাকিয়ে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা গেছে। শহরের বেশির ভাগ খাবারের হোটেলও খোলা রয়েছে। বিপণিবিতানসহ দোকানপাটেও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই।
করোনার সংক্রমণ ঠেকাতে জামালপুর পৌর এলাকায় গতকাল ১৪ জুন সকাল ৬টা থেকে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। ৩০ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলমান থাকবে। গত রোববার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুর্শেদা জামান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে নয় দফা বিধিনিষেধের ব্যাপারে জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বিধিনিষেধের বিষয়ে বলা হয়, সকল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোকানপাট ও শপিংমল বন্ধ করে দেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান শুধু পার্সেল, টেকওয়ে, অনলাইন অর্ডার বা হোম ডেলিভারি সেবা প্রদান করতে পারবে। কোনো অবস্থাতেই বসে খাবার খাওয়া যাবে না। বাস, মাইক্রোবাস প্রভৃতি গণপরিবহন নির্ধারিত আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, অন্যান্য রিকশা স্বাস্থ্যবিধি মেনে শুধু দুজন যাত্রী বহন করতে পারবে। সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকে কোনো ক্রমেই সামনের সিটে যাত্রী বহন করা যাবে না। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকল ৬টা থেকে সন্ধ্যার ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রেখে ক্রয়-বিক্রয় করতে পারবে।
এসব বিধিনিষেধ থাকার পরও সকাল থেকেই অভ্যন্তরীণ পথে সব ধরনের যানবাহন অবাধে চলাচল করতে দেখা যায়। বেশির ভাগ মানুষকে মাস্ক ব্যবহার করতে দেখা যায়নি। সব যানবাহনেই যাত্রী ভরা ছিল।
বিধিনিষেধ পালনে শহরের কোথাও পুলিশ বা জেলা প্রশাসনের কোনো টিম বা স্বেচ্ছাসেবক দেখা যায়নি। তাই লোকজন স্বাভাবিকভাবে চলাচল করছেন। হোটেল-রেস্তোরাঁগুলোয় কেবল পার্সেলে খাবার বিক্রি বা সরবরাহের কথা থাকলেও বেশির ভাগ হোটেলে বসে অনেককেই খেতে দেখা যায়। মাস্ক ছাড়া চলাচল নিষেধ থাকলেও অধিকাংশ মানুষের মুখে মাস্ক দেখা যায়নি। তবে কোথাও বাধার মুখে তাঁদের পড়তে হয়নি।
আজগর আলী নামে অটোরিকশার এক চালক মাস্ক ছাড়াই শহরে সকাল থেকে ভাড়া টানছিলেন। তিনি বলেন, ‘মাস্ক আনতে ভুলে গেছি। কিন্তু শহরে অনেক চালকই মাস্ক ছাড়া রিকশা চালাচ্ছেন। কেউ কোথাও বাধাও দেয়নি। তাই আর মাস্ক কিনি নাই।’
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জামালপুরে নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মানুষের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৮৮।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরানও বিধিনিষেধে কিছুটা ঢিলেঢালা ভাব রয়েছে স্বীকার করে বলেন, ‘আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি বিধিনিষেধ মানাতে। কিন্তু সাধারণ মানুষ সহজে মানতে চায় না। তবে যেসব জায়গায় সমস্যায় আছে, সেই সব জায়গায় আরও কঠোর হওয়ার ব্যবস্থা করা হবে।’