প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য এমাদুল ইসলামকে (৪৫) গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বড়লেখা পৌর শহরের মহুবন্দ এলাকার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ১২ ফেব্রুয়ারি একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বাদী হয়ে এমাদুলসহ জামায়াত-শিবিরের ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। পরে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত এ মামলায় এমাদুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।