জামায়াত নেতাদের মামলার বিচারের গতি কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তরীকত ফেডারেশন বলেছে, জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের গতি কিছুটা কমে গেছে। বিচারের এই গতি কমে যাওয়া একটি দলকে মোকাবিলায় সরকারের সাময়িক কৌশল। এর জন্য এখনই সরকারকে দোষ দেওয়ার সময় আসেনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তরীকত ফেডারেশনের মহাসচিব সাংসদ এম এ আউয়াল। তিনি বলেন, দেশে মৌলবাদ, জঙ্গিবাদ ও জামায়াতের বিরুদ্ধে আদর্শিকভাবে লড়াই করছে তরীকত ফেডারেশন। রাজনৈতিক কোনো হিসাবনিকাশে যদি দল হিসেবে জামায়াতে ইসলামী এবং দলটির অপরাধী নেতাদের বিচারের ব্যত্যয় ঘটে, তাহলে তরীকতপন্থীরা রাস্তায় নামবেন।
এক প্রশ্নের জবাবে তরীকত ফেডারেশনের মহাসচিব বলেন, বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি আগের প্রধান বিরোধী দলের (বিএনপি) চেয়ে ভালো ভূমিকা পালন করছে। তবে তা যথেষ্ট নয়। তাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ফারুকী, তৈয়বুল বশর মাইজভাণ্ডারী প্রমুখ।