কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় জামায়াত-শিবিরের সাতজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় গত বুধবার রাতে চান্দিনা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা হয়েছে।
এই মামলার আসামিরা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া এক আসামি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার রােত ঢাকা থেকে রাঙামাটিগামী ইউনিক পরিবহনের একটি বাসে ছোড়া পেট্রলবোমায় সাতজন দগ্ধ হন। পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চান্দিনা থানার পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাশার, দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন জামায়াতের আমির রফিকুল ইসলাম, জামায়াতের কর্মী চান্দিনার করতলা গ্রামের ওবায়দুল্লাহ, তাঁর ভাই মহিবুল্লাহ, একই গ্রামের ওমর ফারুক, নোয়াখালীর সুধারাম উপজেলার উত্তর শোলাকিয়া গ্রামের আবদুর রাজ্জাক ও চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের মো. নয়ন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী জানান, পেট্রলবোমা হামলার ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রবীর কুমার রায় মামলা করেন। বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সাতজনকে ওই মামলার এজাহারভুক্ত আসামি করা হয়। এজাহারে নাম থাকা অন্য আটজনও জামায়াত-শিবিরের কর্মী। ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া সাতজনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ মো. আবিদ হোসেন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে জামায়াত-শিবির জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামায়াতের তিনজন নেতা আছেন। তদন্তের স্বার্থে এই মুহূর্তে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ এসপি জানান, কুমিল্লায় এর আগে পেট্রলবোমা হামলার যেসব ঘটনা ঘটেছে, সেই ঘটনায় করা মামলা পর্যালোচনা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জাহাঙ্গীর হোসেনকে।
এদিকে কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, পেট্রলবোমা হামলার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ওই ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুহাম্মদ গোলামুর রহমানকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়।
স্বীকারোক্তি: রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করার বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে—এমন খবরে ক্ষুব্ধ হয়ে বাসে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেনের আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা জানান জামায়াতের গ্রেপ্তার হওয়া কর্মী আবদুর রাজ্জাক। গত বুধবার রাতে রাজ্জাককে চান্দিনাসংলগ্ন বাগুর বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম আলোকে জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেন।
৭ মার্চ একই স্থানে একই পরিবহনের বাসে হামলা হয়: কুমিল্লার কাঠেরপুল এলাকায় চলতি বছরের ৭ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিনটি পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি পুড়ে যায়।
ওই ঘটনায় করা মামলায় এখনো অভিযোগপত্র দেওয়া হয়নি। চান্দিনা থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ওই মামলার অভিযোগপত্র শিগগিরই দেওয়া হবে।