জামায়াত-শিবিরের তিন নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: মহানগর জামায়াতের সহাকারী সেক্রেটারি জেনারেল মো. শাহজাহান আলীকে হবিগঞ্জের বাহুবল উপজেলার দত্তগ্রামের নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে। বিকেলে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, শাহজাহান আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে গতকাল রাত আটটায় মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শাহজাহানের বিরুদ্ধে কোনো মামলা নেই।
চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাট উপজেলা জামায়াতের আমির গোলাম কবিরকে গতকাল বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, দলীয় সভার প্রস্তুতি নেওয়ার সময় আলালপুর মাদ্রাসা থেকে গোলাম কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নামে নাশকতার চারটি মামলা রয়েছে।
জুড়ী (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতা আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাত্রশিবির মৌলভীবাজার জেলা কমিটির দপ্তর সম্পাদক। জুড়ী থানার ওসি হামিদুর রহমান সিদ্দিকী গতকাল বলেন, মামুনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জুড়ী ও কুলাউড়া থানায় দুটি মামলা রয়েছে।