জামিনে মুক্তি পেয়ে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের ইমাম মতিউর রহমান হত্যার ঘটনায় এক আসামি জামিনে মুক্তি পেয়ে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মামলার বাদী মর্জিনা খাতুন গতকাল শনিবার ধুনট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ জুলাই রাতে উপজেলার বানিয়াগাতি বাজার মসজিদে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে মতিউর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তিনি উপজেলার বলারবাড়ি গ্রামের মোনছের আলীর ছেলে। তিনি গোপালনগর ইউনিয়নের বিবাহ নিবন্ধক ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের ভরসা মণ্ডলের ছেলে বেল্লাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। ২৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বলারবাড়ি রাস্তায় মর্জিনা বেগমের গতিরোধ করেন বেলাল হোসেন। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন তিনি। রাজি না হওয়ায় মর্জিনা বেগমকে প্রাণনাশের হুমকি দেন বেলাল। এ ঘটনায় মর্জিনা খাতুন গতকাল দুপুরে বেল্লাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ এনে ধুনট থানায় জিডি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে আসামি বেল্লাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।