জাল কাটতে মেঘনায় ডুব দিয়ে আর উঠলেন না ডুবুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীতে জাহাজের ইঞ্জিনের পাখার সঙ্গে একটি জাল আটকে যায়। জালটি কাটতে পানিতে ডুব দেন ডুবুরি মো. মামুন (৪০)। এরপর আর তিনি পানি থেকে উঠে আসেননি। আজ সোমবার সকালে অন্য একজন ডুবুরি জাহাজের নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করেছেন।


ডুবুরি মামুন গত রোববার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিমে মেঘনা নদীতে ডুব দিয়ে জাল কাটতে নামেন।

মো. মামুন বরিশালের বানারীপাড়া উপজেলার বিশালকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। লাশটি উদ্ধারের পর হাতিয়া থানায় নিয়ে আসা হয়।

হাতিয়া নৌ–পুলিশের পরিদর্শক মো. একরাম উল্যাহ জানান, গত শনিবার সকালে চট্টগ্রাম থেকে সিরামিক তৈরির কাঁচামাল নিয়ে এম বি মিথিলা সালমান-৩ নামের একটি জাহাজ ঢাকার দিকে যাচ্ছিল। জাহাজটি হাতিয়ার নলচিরা ঘাটের পশ্চিমে পৌঁছালে জাহাজের ইঞ্জিনের পাখার সঙ্গে মাছ ধরার জাল আটকে যায়। আটকে যাওয়া জাল কাটার জন্য শনিবার রাতে ঢাকা থেকে মো. খোকন (৩৫) ও মো. মামুন (৪০) নামে দুজন ডুবুরিকে আনা হয়। গতকাল রোববার সকালে দুজন পালা করে নদীতে নেমে আটকে যাওয়া জাল কাটার চেষ্টা করে ব্যর্থ হন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে মামুন জাল কাটতে আবারও নদীতে ডুব দেন। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি আর ফিরে আসেননি।

একরাম উল্যাহ জানান, মামুন পানি থেকে না ওঠায় গতকাল রাতে ঢাকা থেকে মো. কালু নামে আরও একজন ডুবুরিকে আনা হয়। ওই ডুবুরি আজ সকাল সাতটার দিকে জাহাজের নিচ থেকে মামুনের লাশ উদ্ধার করেন।


পুলিশ জানিয়েছে, খবর পেয়ে মামুনের বড় ভাই জহিরুল ইসলাম হাতিয়ায় এসেছেন।