জাল নোট শনাক্তকারী মেশিন বিতরণ
ঢাকার পর এবার চট্টগ্রামের প্রধান বিপণিকেন্দ্রগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন বসছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় চট্টগ্রামে ২০টি মেশিন বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার স্থানীয় এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিপণিকেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত থেকে এসব মেশিন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আকরাম উদ্দিন আহ্মদ।
এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভূঁইয়া ও এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলালউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি আকরাম উদ্দিন আহ্মদ বলেন, বিপণিকেন্দ্রগুলোতে এ ধরনের মেশিন বসলে জাল নোট সরবরাহকারীদের মধ্যে ভীতির সঞ্চার হবে। ফলে জাল নোটের দৌরাত্ম্য কমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুম কামাল ভূঁইয়া বলেন, জাল নোট অর্থনীতির দুষ্টক্ষত। এসব প্রস্তুতকারী ও সরবরাহকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন বিপণিকেন্দ্রের প্রতিনিধিরা বলেন, প্রতারকদের কারণে ব্যবসায়ীরা প্রতিনিয়িত ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেরিতে হলেও এটি খুবই শুভ উদ্যোগ।
মেশিন বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলালউদ্দিন, পরিচালক আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক, রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সভাপতি এম এ মজিবুর রহমান প্রমুখ।