জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা এক শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় উপস্থিত না হয়েও অন্যের মাধ্যমে (প্রক্সি পরীক্ষার্থী) পাস করেছিলেন ইকবাল হোসেন সাঈদ। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে গিয়ে অবশেষে ধরা পড়লেন তিনি। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে তাঁকে আটক করা হয় এবং পরে বিকেল পাঁচটার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আবু হেনা পহিল।

ইকবাল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। ভর্তি পরীক্ষার ওএমআর শিটে হাতের লেখা ও স্বাক্ষরের গরমিল পাওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে ভর্তি কমিটি। এ সময় গরমিল পাওয়ায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রাথমিকভাবে জালিয়াতির কথা স্বীকার করেন তিনি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অসদুপায় অবলম্বন করে ভর্তি পরীক্ষায় উপস্থিত না হয়েও অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার প্রমাণ পাওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসা ইকবাল হোসেন নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তাঁর ভর্তি পরীক্ষার আসন পড়েছিল।

আজ সকাল থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু হয়। বেলা একটায় নির্ধারিত সময়ে ভর্তি হতে আসেন ইকবাল হোসেন। বেলা তিনটার দিকে তাঁর ভর্তি বিষয়ে সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। এ সময় প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় ইকবাল হোসেনকে পরীক্ষায় বিষয়গুলোর প্রাপ্ত নম্বর ও পরীক্ষাকেন্দ্র বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। পরীক্ষার ওএমআর শিটে হাতের লেখা ও স্বাক্ষরের গরমিল পাওয়া যায়। সেই সঙ্গে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়া পরীক্ষার্থী ও তাঁর ছবি ফটোশপের মাধ্যমে সম্পাদনা করার বিষয়টিও নজরে আসে।

প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় ইকবাল হোসেনকে পরীক্ষায় বিষয়গুলোর প্রাপ্ত নম্বর ও পরীক্ষাকেন্দ্র বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল। পরীক্ষার ওএমআর শিটে হাতের লেখা ও স্বাক্ষরের গরমিল পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আবু হেনা পহিল প্রথম আলোকে বলেন, আর্থিক লেনদেনের বিনিময়ে ইকবাল নামের ওই শিক্ষার্থীর পরীক্ষা তাঁর এক বন্ধু ‘প্রক্সি’ হয়ে দেন বলে ইকবাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তবে তিনি প্রক্সিদাতার নাম জানাননি। সহকারী প্রক্টর বলেন, জালিয়াতির ঘটনায় জড়িত চক্রটিকে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার মামলার প্রস্তুতি নিচ্ছেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিশ্ববিদ্যালয়ে পুলিশ অবস্থান করছে। এক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটকের বিষয়টি জানানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।