জালে আটকা পড়া কাতলার আঘাতে মৎস্যজীবীর মৃত্যু
নৌকায় করে নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন আবদুল হক (৫০)। হঠাৎ একটি বড় মাছ জালে আটকা পড়ে। তিনি জাল টেনে মাছটি নৌকায় তোলার চেষ্টা করেন। একপর্যায়ে মাছটি জালের ভেতর থেকে লাফ দিয়ে আবদুল হকের বুকে আঘাত করে। সঙ্গে সঙ্গে নৌকায় লুটিয়ে পড়েন তিনি। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে। আবদুল হক গোলাপগঞ্জ উপজেলার কালিজুরী ছয়ত্রিশ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নৌকাটিতে আবদুল হক একাই ছিলেন। আশপাশে আরও কয়েকজন নৌকায় করে মাছ ধরছিলেন। আবদুল হকের লুটিয়ে পড়ার দৃশ্য দেখে তাঁর ছোট ভাই আবদুল আহাদসহ কয়েকজন নৌকার পাশে এগিয়ে যান। তাঁরা অচেতন অবস্থায় আবদুল হককে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। সেখানে স্থানীয় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত আবদুল হকের ছোট ভাই আবদুল আহাদ জানান, সকাল থেকে কুশিয়ারা নদীর বাগিরঘাট এলাকায় তাঁরা মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ এমন ঘটনা ঘটেছে। এর আগেও গত রোববার একই স্থান থেকে আবদুল হক প্রায় ছয় কেজি ওজনের কাতলা মাছ ধরেছিলেন। আজ সোমবার ধরা পড়া মাছটিও কাতলা। যার ওজন ১০-১২ কেজি। মাছটি বিক্রি করা হয়েছে।
আবদুল আহাদ জানান, বড় ভাইয়ের হৃদ্রোগজনিত কোনো সমস্যা নেই। তবে তাঁর উচ্চ রক্তচাপ ছিল।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, জন্মগত ত্রুটির কারণে মানুষের বুকে রক্তনালির মহাধমনির সমস্যা থাকতে পারে। এ সমস্যাজনিত রোগীর স্বাভাবিকভাবে কোনো সমস্যা হয় না। সারা জীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে কোনো কারণে সেখানে আঘাত পেলে রক্তনালির মহাধমনি ফেটে যেতে পারে। এতে ভেতরে রক্তক্ষরণে আধা ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী বলেন, ‘বিকেলের দিকে এমন একটি খবর পেয়েছিলাম। তবে বিষয়টি আমাদের কেউ জানায়নি। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’