জালে ধরা পড়ল বড় কচ্ছপ ও ডলফিন, পরে অবমুক্ত
সমুদ্র থেকে ফেরার সময় জেলেদের জালে বড় একটি সামুদ্রিক কচ্ছপ ও ডলফিন ধরা পড়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে গভীর সমুদ্রে কচ্ছপ ও ডলফিনটি ধরা পড়ে।
জেলেদের ধারণা, কচ্ছপটি ৩০ কেজি ওজনের ও ডলফিনের ওজন ৯০ কেজি। পরে জীবিত অবস্থায় জেলেরা জলজ প্রাণী দুটি সমুদ্রে অবমুক্ত করেছেন।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের ইকোফিশ-২ প্রকল্পের সহকারী গবেষক মোনাইম হোসাইন বলেন, চর কুকরি-মুকরি ইউনিয়নের জেলে এনায়েত হোসেন তাঁর মাল্লাদের নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জালে ওলিভ রিডলি নামে একটি কচ্ছপ (কাছিম) ও ইরাবতী প্রজাতির একটি ডলফিনটি ধরা পড়ে। পরে এই দুই জলজ প্রাণী দ্রুত সমুদ্রে অবমুক্ত করেন জেলেরা।
জেলে এনায়েত হোসেন দাবি করেন, কচ্ছপের ওজন প্রায় ৩০ কেজি আর ডলফিনের ওজন ছিল প্রায় ৯০ কেজি। সমুদ্রে ছেড়ে দেওয়ার সময় প্রাণী দুটির ছবি তোলেন ও ভিডিও করে রেখেছেন।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক অঙ্কুর ইমতিয়াজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এমন জলজপ্রাণীগুলো বাঁচিয়ে রাখতে হবে, সমুদ্রগামী জেলেদের এই প্রশিক্ষণ দিয়েছে ইকোফিশ।