জালে ধরা পড়ল ২৫ কেজির বাগাড়, বিক্রি ২৮ হাজারে
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় যমুনা ও পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার এক মাছ ব্যবসায়ী তা ২৮ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় লোকজন বলেন, আজ রোববার ভোরের দিকে মানিকগঞ্জের বাল্লা এলাকায় নদীতে মাছ শিকারে নামেন জেলে রঞ্জিত হালদার ও তাঁর সহকর্মীরা। জাল ফেলতে ফেলতে পদ্মা ও যমুনা নদীর মোহনায় দিকে চলে যান তাঁরা। সকাল আটটার দিকে বড় বেড় জাল গুটিয়ে নৌকায় তোলার সময় বেশ কয়েকবার ঝাঁকি খায়। তখন তাঁরা বুঝতে পারেন, বড় মাছ ধরা পড়েছে। নৌকায় জাল তুলে দেখতে পান বড় একটি বাগাড় ধরা পড়েছে। পরে মাছটি দ্রুত নিয়ে যান দৌলতদিয়া ফেরিঘাটে। এ সময় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ দরদাম করে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন মাছটি।
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ বলেন, সকাল আটটার দিকে মুঠোফোনে জেলে রঞ্জিত হালদার বলেন, তাঁর জালে বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ফেরিঘাটে আনার পর ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৫ কেজি হয়েছে। বর্তমানে মাছটি ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে রাখা হয়েছে।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে। তাই শেষ মুহূর্তে নদীতে জেলেরা রাত-দিন মাছ শিকারে ব্যস্ত। স্থানীয় লোকজনের পাশাপাশি মানিকগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরাও মাছ ধরতে ধরতে এ এলাকায় এসে গেছেন।
ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, দেশে দেড় বছর ধরে করোনার কারণে ব্যবসা-বাণিজ্য করে কেউ লাভবান হতে পারেনি। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় সবার কমবেশি রোজগার হচ্ছে। এর মধ্যে আজ রাত থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হচ্ছে। এখন ২২ দিন আবার কেউ নদীতে মাছ ধরতে পারবে না।
উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, আজ রাত ১২টার পর থেকে নদীতে সব ধরনের মাছ ধরার নৌকা নামা নিষেধ। ইতিমধ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। প্রচার-প্রচারণার কাজ চলছে পুরোদমে। গত কয়েক দিন নদীতে বিভিন্ন অঞ্চলের জেলেরা বড় বড় মাছ শিকার করেছেন। অভিযান শেষে আবার বড় মাছ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।