জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক সপ্তাহ ধরে নিখোঁজ, সন্ধান চায় পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসানের সন্ধান চেয়ে পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারিতে
প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জাহিদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। জাহিদের সন্ধান পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার ও রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। জাহিদ হাসানের বাড়ি বরগুনার পাথরঘাটার গোলবুনিয়ায়। টিউশনি ও চাকরির পড়াশোনার সুবিধার্থে তিনি রাজধানীর মিরপুরে একটি মেসে থাকতেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ শিক্ষার্থী জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

আজ বুধবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে জাহিদের মা, স্ত্রী, এক বছরের শিশুকন্যা ও তাঁর স্ত্রীর বড় ভাই উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুব কবির, অধ্যাপক সুবর্ণা কর্মকার ও সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জাহিদের মা আকলিমা বেগম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘গত ২৪ জুন থেকে আমার ছেলে নিখোঁজ। সেদিন ঢাকার মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সে মাগরিবের নামাজ পড়তে গিয়ে আর ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল তখন থেকেই বন্ধ। অনেক খোঁজার পরও তাকে না পাওয়ায় ২৬ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যেটির নম্বর ২৩৯২। পরে থানায় একটি অভিযোগও দায়ের করেছি আমরা। কিন্তু এখনো পুলিশ আমাদের তার ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।’ এ সময় আকলিমা বেগম কান্নায় ভেঙে পড়েন।

২৬ জুন জিডি করার পর একটি নম্বর থেকে ফোন করে জাহিদকে পেতে হলে এক লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। পরে আরেকবার ফোন করে এক লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

জাহিদের মা আরও বলেন, ‘২৬ জুন জিডি করার পর একটি নম্বর থেকে ফোন করে জাহিদকে পেতে হলে এক লাখ টাকা দিতে হবে বলে জানানো হয়। টাকা পাঠানো না হলে পরে জাহিদের মুঠোফোন নম্বর থেকেই আরেকবার ফোন করা হয়। এ সময় এক লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এত টাকা দেওয়ার সামর্থ্য নেই জানালে ৩০ হাজার টাকা দিলেই জাহিদকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।’ আকলিমা বেগম বলেন, ‘আমি অনেক কষ্টে ১৩ হাজার টাকা জোগাড় করে ওদের নগদের মাধ্যমে পাঠাই। কিন্তু এরপর থেকেই তাঁদের ফোন বন্ধ পাচ্ছি।’

জাহিদ হাসানের স্ত্রী হাফসা আক্তার বলেন, ‘২৪ জুন সন্ধ্যায় আমার সঙ্গে জাহিদের শেষ কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কথা হয়নি। ওই দিন রাতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু যোগাযোগ করতে পারিনি। রাত ১২টার দিকে জাহিদের রুমমেট মিজানুর রহমানকে ফোন দিলে বাসায় ফেরেনি বলে জানান। এরপর থেকে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি। আমাদের এক বছরের একটা মেয়ে আছে। সে প্রতিদিন বাবার ছবি দেখে, বাবার সঙ্গে কথা বলতে চায়।’

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। গতকাল মঙ্গলবার আমরা একটা অভিযানে গিয়েছিলাম, কিন্তু কোনো সন্ধান পাইনি। একজন পুলিশ কর্মকর্তা সার্বক্ষণিক এ বিষয় নিয়ে কাজ করছেন। প্রযুক্তি ব্যবহার করেও আমরা চেষ্টা চালাচ্ছি।’