জাহাঙ্গীরের শখের মাল্টাবাগানে বাণিজ্যিক উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডের হাজীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মাল্টা খেত
ছবি: প্রথম আলো

শখের বসে পতিত জমিতে মাল্টাগাছ লাগিয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের হাজীপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম। তিন বছরের মাথায় সেই শখের বাগানে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে মাল্টা। ২০১৮ সালে তিনি পতিত ৬০ শতক জমিতে মাল্টার চারা লাগান। এবার তৃতীয়বারের মতো মাল্টার ফলন তুলছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, রেললাইনের ধারে লম্বা আকৃতির জমিতে তিনটি সারিতে মাল্টাগাছ লাগানো। প্রতিটি মাল্টাগাছে থোকায় থোকায় মাল্টা ধরেছে। মাল্টার ভারে নুইয়ে পড়েছে ডাল। ভেঙে পড়া ঠেকাতে ডালগুলো বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা হয়েছে। মাল্টার রং এখন সবুজ। তবে কয়েকটি গাছের মাল্টা হালকা হলদে রং ধারণ করেছে।

বাগানেই কথা হয় কৃষক জাহাঙ্গীর আলমের সঙ্গে। তিনি বলেন, দুবাই থেকে ২০০৯ সালে তিনি দেশে ফেরেন। গাড়ির ব্যবসার পাশাপাশি পৈতৃক জমিতে শখের বশে কৃষিকাজ শুরু করেন তিনি। ২০১৮ সালে তিনি অন্যান্য ফসলের পাশাপাশি খাওয়ার জন্য মাল্টাগাছের চারা লাগানোর সিদ্ধান্ত নেন। উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল মুনছুর তাঁকে ৬০ শতক জমির পুরোটাতে মাল্টাগাছ লাগানোর পরামর্শ দেন। তিনি ১২ ফুট দূরত্বে মাল্টাগাছ লাগান। সারিতে মোট ৩৫টি করে ১০৫টি মাল্টার চারা লাগিয়েছেন তিনি। সব মিলিয়ে তাঁর ৩০ হাজার টাকা খরচ হয়। শুষ্ক মৌসুমে মাল্টাগাছের ফাঁকে ফাঁকে লাউ-মিষ্টিকুমড়াসহ মিশ্র ফসল লাগান। মাল্টাগাছের পরিচর্যায় যা খরচ হয়, তা মিশ্র ফসল বিক্রির টাকা দিয়ে মেটানো হয়।

জাহাঙ্গীর আলম বললেন, মাল্টাগাছে জানুয়ারি থেকে মার্চের মধ্যে ফুল আসে। আট মাস পর ফলন খাওয়ার উপযোগী হয়। তিনি চারা লাগানোর এক বছর পর দুটি গাছে ১০টি মাল্টা হয়েছিল। গত বছর পুরো বাগান থেকে ২৫০ কেজি মাল্টা পেয়েছেন তিনি। তখন বেশির ভাগ মাল্টা নিজেরা ও স্বজন–পরিজনকে নিয়ে খেয়েছেন। অল্প কিছু বিক্রি করেছিলেন। চলতি বছর এক হাজার কেজি মাল্টা হবে বলে আশাবাদী তিনি। এ বছর ডিসেম্বরে পাহাড়ের ধারে আরও ৪৪ শতক জমিতে মাল্টার চারা লাগাবেন বলে তিনি জানালেন। তাঁর মাল্টা মিষ্টি হওয়ায় চাহিদা অনেক বেশি। এই বছর কিছু আগাম মাল্টা পেয়েছেন, সেগুলো ২০০ টাকার বেশি কেজি দরে বিক্রিও করেছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল মুনছুর প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীর আলমের লাগানো বারি-১ জাতের মাল্টা মিষ্ট হয়। পাকার পরে হলুদাভ সবুজ থাকে। সীতাকুণ্ডে বারি-১ মাল্টা খুবই জনপ্রিয়। সীতাকুণ্ডে ছোট–বড় অর্ধ শতাধিক মাল্টাবাগান আছে। যাঁরা মাল্টাবাগান করতে চান, তাঁদের কলমি বড় চারা লাগানোর পরামর্শ দেন এই কর্মকর্তা।