জাহাজ থেকে পড়ে নিখোঁজের পাঁচ দিন পর মিলল শ্রমিকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

সাগর উপকূলে জাহাজ থেকে পড়ে নিখোঁজের পাঁচ দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের জলিল টেক্সটাইল গেট এলাকার সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করেন নৌপুলিশের সদস্যরা। এতে সহায়তা করেন সামাজিক সংগঠন গাউছিয়া কমিটির সদস্যরা।

লাশ উদ্ধার হওয়া শ্রমিকের নাম এমরান হোসেন (২৭)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কৈতরা গ্রামের বাসিন্দা।

সীতাকুণ্ডের কুমিরার নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) চাঁন মিয়া বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার আকমল আলী রোডসংলগ্ন সাগরের উপকূলে এম টি আজিজ হোসেন নামে একটি তেলের জাহাজ থেকে তেল নামাচ্ছিলেন এমরান হোসেন। এ সময় তিনি পা পিছলে সাগরে পড়ে যান। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পাঁচ দিন পর আজ সকালে সীতাকুণ্ডের জলিল টেক্সটাইল গেট এলাকার সাগর উপকূলে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে নৌপুলিশ গাউছিয়া কমিটির সহায়তায় লাশটি উদ্ধার করে।

নিহত এমরানের স্ত্রীসহ পরিবারের সদস্যরা আজ লাশ নেওয়ার জন্য এসেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।