জাহাজ বাড়ি থেকে উদ্বাস্তুর জীবন

তিন বেলা ঠিকভাবে খেয়ে-পরে বাঁচার আশায় ভোলার রাজাপুর থেকে ঢাকায় এসেছিলেন সাহেব আলী। পরিবারসহ উঠেছিলেন কল্যাণপুরের ৮ নম্বর সড়কের একটি টিনশেড বাসায়। সেখানেই ছিলেন কয়েক বছর। এখন তাঁর অবস্থার উন্নতি হয়েছে। আরও ভালো থাকার জন্য চার মাস আগে টিনশেড বাসা ছেড়ে ওঠেন কল্যাণপুরের জাহাজ বাড়িতে (তাজ মঞ্জিল)। গত মঙ্গলবার ওই বাড়িতে নয় জঙ্গির মৃত্যুর পর এখন উদ্বাস্তুর মতো জীবন যাপন করছেন। শেষ পর্যন্ত তাঁর জায়গা হয়েছে জাহাজ বাড়ির পাশের এক ডেকোরেটরের দোকানে। এই ডেকোরেটরে তিনি ১০ বছর থেকে ভ্যানচালকের চাকরি করেন।
গতকাল শনিবার দুপুরে কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ভাই ভাই ডেকোরেটরের সামনে কথা হয় সাহেব আলীর সঙ্গে। তিনি বলেন, জাহাজ বাড়িতে পুলিশের অভিযানের পর তাঁরা এককাপড়ে বাসা থেকে বের হয়েছেন। কোথাও থাকার জায়গা নেই। তাই বাধ্য হয়ে ডেকোরেটরে আশ্রয় নিয়েছেন। সামনে ছেলেমেয়ের পরীক্ষা। তারা ঠিকভাবে পড়ালেখাও করতে পারছে না।
সাহেব আলী জানান, বাসা থেকে পুলিশ তাদের কোনো আসবাবপত্রই আনতে দিচ্ছে না। গত বৃহস্পতিবার শুধু দুই সন্তানের বই-খাতা এনেছেন। সাহেব আলীর ছেলে আমজাদ হোসেন কল্যাণপুর মডেল সরকারি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।
জাহাজ বাড়িতে আবার উঠতে চান কি না, জানতে চাইলে সাহেব আলী বলেন, ‘বিনা ভাড়ায় থাকতে বললেও ওই বাসায় আর থাকব না।’
জাহাজ বাড়ির আরেক ফ্ল্যাটের আরেক বাসিন্দা রেনু আক্তার বলেন, আতঙ্কে তিনি পরিবারসহ বাসা ছেড়েছেন। আপাতত এক আত্মীয়র বাসায় আছেন। একাধিকবার যোগাযোগ করা হলেও পুলিশ বাসায় উঠতে দিচ্ছে না।
বাসিন্দাদের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার এফ এম ফয়সাল আলম বলেন, কেউ ওই বাসায় থাকতে চাইলে তাতে পুলিশের কোনো বাধা নেই। সাধারণ ভাড়াটেরা স্বাভাবিক যাওয়া-আসা করতে পারবেন। আসবাব নিতে দেওয়া হচ্ছে না—ভাড়াটেদের এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহাজ বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা মিরপুর মডেল থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, আসবাব নিতেও বাধা নেই। কিন্তু ভাড়াটে পরিচয়ে অন্য কেউ যাতে বাসার কোনো আসবাব না নিতে পারেন, সে জন্য থানায় যোগাযোগ করতে হবে।