জাহাজচালককে ১০ টুকরা করে ফেলা হয় নদীতে
লাইটার জাহাজের এক সুকানি (চালক) নিখোঁজ হওয়ার প্রায় এক মাস পর পুলিশ জানাল, তাঁকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিখোঁজ হওয়ার দিনই সুকানিকে খুন করা হয়। এরপর লাশ ১০ টুকরা করে ব্যাগে ভরে রাখা হয়। দুই দিন পর লাশের টুকরাগুলো কর্ণফুলী নদী ও নালায় ফেলে দেওয়া হয়।
পুলিশ বলছে, ‘হত্যাকারী’কে গ্রেপ্তারের পর এসব তথ্য জানা গেছে। গত ১৫ জানুয়ারি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হন ঢাকার ডেমরার বাসিন্দা মোহাম্মদ মহসিন (৫৪)। জ্বালানি তেলবাহী লাইটার জাহাজের সুকানি ছিলেন তিনি। এক সপ্তাহ ধরে কোনো খোঁজ না পেয়ে ২১ জানুয়ারি তাঁর ভাই চট্টগ্রাম নগরের ইপিজেড থানায় অপহরণ মামলা করেন।
গতকাল শনিবার দুপুরে পুলিশের দাবি করা ‘হত্যাকারী’ আরিফুল ইসলামকে (২০) চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেখানে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, আরিফুলের মা নাজমা বেগমের সঙ্গে মোহাম্মদ মহসিনের ‘সম্পর্ক’ ছিল। এটি আরিফুল মেনে নিতে পারেননি। ১৫ জানুয়ারি মহসিন ইপিজেড এলাকায় নাজমা বেগমের বাসায় যান। ওই দিনই তাঁকে শ্বাসরোধে ‘খুন’ করেন আরিফুল।
পুলিশের দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে মোহাম্মদ মহসিনের ভাই আবুল বাশার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই ব্যক্তিগত গাড়ি কিনতে চট্টগ্রামে যান। সেখানে কারও বাসায় তিনি দেখা করতে গিয়েছিলেন কি না, তা জানা নেই তাঁদের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার সময় নাজমা বেগম বাসায় ছিলেন না। তিনি পোশাক কারখানার শ্রমিক। ওই দিন বিকেলে তিনি কারখানায় চলে যান। তখন বাসায় একা ছিলেন মহসিন। নাজমা বেগমের স্বামী ১২ বছর আগে মারা যান। আরিফুল আগে কারখানায় কাজ করলেও তিন মাস ধরে বেকার ছিলেন। জাহাজের সুকানি হওয়ায় চট্টগ্রামে মহসিনের নিয়মিত যাতায়াত ছিল।
পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, খুনের পর লাশ ১০ টুকরা করে ব্যাগে রেখে দেন আরিফুল। ১৭ জানুয়ারি রাতে টুকরাগুলো চার ভাগ করে নদী ও নালায় ফেলে দেন। চার ভাগের মধ্যে মাথা কর্ণফুলী নদীতে, গলা কর্ণফুলী নদী লাগোয়া সিমেন্ট ক্রসিং এলাকার নালায় ফেলে দেওয়া হয়। বুক থেকে পেটের নিচের অংশ ফেলা হয় নদীর পাড়ে। আর খণ্ডিত হাত-পা ফেলে দেওয়া হয় হালিশহর এলাকার নালায়। ১৮ জানুয়ারি হালিশহরের নালা থেকে থানার পুলিশ খণ্ডিত অংশ উদ্ধার করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করে।
কীভাবে আরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে—জানতে চাইলে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, অপহরণ মামলার পর কললিস্টের সূত্র ধরে নাজমা বেগমকে প্রথমে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আরিফুল থানায় এসেছিলেন। এরপর তিনি পালিয়ে যান। গত শুক্রবার বিকেলে আরিফুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন তিনি। কীভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সেই বিবরণও দেন।