জাহাজভাঙার একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ
এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মেসার্স কবির স্টিল লিমিটেড নামের জাহাজভাঙা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। সে সঙ্গে দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার বিষয়ে সাত কর্মদিবসের মধ্যে কারখানা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে অবস্থিত ওই কারখানায় ১ ফেব্রুয়ারি দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হন। এ বিষয়ে ‘সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় এক শ্রমিক নিহত’ শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি সংবাদ ছাপা হয়।
এরপর গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের সহকারী সচিব সোহেলা নাসরীন স্বাক্ষরিত এক চিঠিতে ওই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে জাহাজভাঙা কারখানায় দুর্ঘটনার কারণে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত শিল্পের বিষয়ে নানা মহলে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে। দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির সব কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
জাহাজভাঙা কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহসভাপতি কামাল উদ্দিন আহমেদ বলেন, কোনো কারখানায় এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলে মন্ত্রণালয় থেকে গঠিত একটি তদন্ত কমিটি দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে। যত দিন তদন্তকাজ শেষ হবে না, তত দিন পর্যন্ত জাহাজভাঙা কারখানাটি বন্ধ থাকবে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ গ্রহণ করার পর কারখানাটি খুলে দেওয়া হবে।