জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে একটি জাহাজের ধাক্কায় এফবি মা শামসুন্নাহার নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে ২০ জেলে নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় ট্রলারমালিকের পক্ষে মামলাটি করা হয়।
মামলাটি করেন ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তরশিবা গ্রামের মো. হাফেজ খন্দকার (৩৯)। তিনি ওই মাছ ধরার ট্রলারমালিক মো. কামাল খন্দকারের ছোট ভাই। জাহাজের ধাক্কায় ২১ জেলে নিয়ে ট্রলারডুবির সময় হাফেজ খন্দকারও ছিলেন। এই ঘটনায় উদ্ধার হওয়া তিনি একমাত্র জেলে। এখনো নিখোঁজ আছেন ২০ জেলে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, বেপরোয়াভাবে নৌযান চালিয়ে মানুষের জীবন বিপদাপন্ন, আঘাত, ব্যক্তিগত নিরাপত্তা হরণ ও ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ডুবে যাওয়া ট্রলারের মালিকপক্ষ মামলাটি করেছেন। মামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা উল্লেখ করা হয় এবং ২০ জনের জীবনহানির শঙ্কা প্রকাশ করা হয়েছে। মামলাটি তিনি তদন্তের ভার দিয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু নৌ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিনকে।

মামলা সূত্রে জানা যায়, এফভি এসআরএল-৫ নামে চট্টগ্রামের ফিশিং জাহাজের ধাক্কায় মাছ ধরার ট্রলার এফবি মা শামসুন্নাহার ডুবে যায়। এ সময় ট্রলারের ২১ জেলে আহত হয়ে সাগরে ছিটকে পড়েন। মামলার বাদী হাফিজ খন্দকার বলেন, সাগরে ছিটকে পড়ার পর প্রায় দুই ঘণ্টা তাঁরা উত্তাল সমুদ্রে ভেসে ছিলেন। একে অপরের সঙ্গে কথাও বলেছেন। পরে আর কারও সঙ্গে কথা হয়নি। তাঁরা কোথায় ভেসে গেছেন, জানেন না। সারা রাত তিনি ভেসে ছিলেন। সোমবার বেলা ১১টা দিকে পাথরঘাটার আলম কোম্পানির ট্রলারের মাঝি-মাল্লারা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করেন।

আবদুল্লাহপুর ইউপির চেয়ারম্যান আল এমরান প্রিন্স বলেন, গত শনিবার ভোলার চরফ্যাশন উপজেলার চরকচ্ছপিয়া মাছঘাট থেকে এফবি মা শামসুন্নাহার নামের ট্রলারটি সাগরের উদ্দেশে মাছ ধরার জন্য ছেড়ে যায়। ট্রলারের প্রধান মাঝি উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা বাচ্চু মাঝি। ট্রলারে ২১ জন জেলে ছিলেন। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে বাচ্চু মাঝি তাঁর সঙ্গীসাথি জেলেদের নিয়ে রোববার গভীর রাতে ভোলার দিকে রওনা হন। সাগর থেকে ফেরার পথে অন্ধকারে হঠাৎ একটি জাহাজ ট্রলারটিকে জোরে ধাক্কা দেয়। তখন ২১ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। প্রায় ৯ ঘণ্টা পর সোমবার বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরা ট্রলারের জেলেরা হাফেজ খন্দকার নামের এক জেলেকে জীবিত উদ্ধার করেন।

মামলার এজাহারে এখনো ২০ জেলেকে নিখোঁজ উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন ট্রলারটির প্রধান মাঝি চরফ্যাশন উপজেলার নীলকমলের মো. বাচ্চু মাঝি (৫৫), দক্ষিণ আইচার মো. আল আমিন (৩৪), দ্বীন ইসলাম (৪৫), আবুল বাশার (৪০), উত্তরশিবার মো. ফারুক হাওলাদার (৫০), আবদুল্লাহপুরের আবদুল খালেক (৫০), মো. জাভেদ (৩০), মো. ইউসুফ (৪০), মো. জসিমউদ্দিন জমাদার (৪০), মো. রফিকুল ইসলাম (৪০), মো. মাকসুদ (৪৫), মো. বাচ্চু (৩৭), মো. হারুন মাঝি (৪৫), মো. নুর ইসলাম (৪৮), মো. নুরে আলম (৪৫), মো. সুমন (৩৫), মো. শাহিন (৩৬), মো. আলী (৪০), মো. নাগর (৪৫) ও রসুলপুরের মো. মিজানুর রহমান (২০)।

আরও পড়ুন