জিকে প্রকল্পের খালে গোসল করতে নেমে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

৯ বন্ধু গোসল করতে নেমেছিলেন। কিন্তু পানিতে ছিল তীব্র স্রোত। অসাবধানতাবশত সেই স্রোতে তলিয়ে যান এক বন্ধু। লাশ হয়ে ভেসে ওঠে তাঁর দেহ। আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গঙ্গা কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের প্রধান খালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মুহতাসীন আবিদ (১৮) ভেড়ামারা শহরের স্কুলপাড়ার বাসিন্দা ওহিদুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে মুহতাসীন ও তাঁর আট বন্ধু মিলে ভেড়ামারা শহর থেকে চাঁদগ্রাম এলাকায় যান। সেখানে ইউপি কার্যালয়ের সামনে জিকে প্রকল্পের প্রধান খালের স্বচ্ছ পানি দেখে গোসল করতে নামেন। খালে তীব্র স্রোত ছিল। গোসলের একপর্যায়ে মুহতাসীন স্রোতে ভেসে যান। কিছুক্ষণ পর তাঁর মরদেহ ভেসে ওঠে। বন্ধুরা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বলেন,¯স্রোতে ভেসে যাওয়ায় তলিয়ে যান মুহতাসীন। তিনি সাঁতার জানতেন না। পরিবারের পক্ষ কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।