জিন্দাবাজারে বন্ধ দোকানে আগুন, আতঙ্ক
সিলেট নগরের জিন্দাবাজার মোড়ে একটি বন্ধ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে জিন্দাবাজার মোড়ের ব্লু-মুন নামের একটি কাপড়ের শোরুমে এ ঘটনা ঘটে। এদিকে রাতে হঠাৎ করে এমন অগ্নিকাণ্ডে প্রতিবেশী ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে সিলেট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে ওই দোকানের মালিক ও কর্মচারীরা দোকান বন্ধ করে চলে যান। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশী ব্যবসায়ীরা। এ সময় তাঁরা আতঙ্কিত হয়ে নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল বের করতে থাকেন। আগুনের খবর পেয়ে জিন্দাবাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে জিন্দাবাজার মোড়ের দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে জনসাধারণকে সরিয়ে দেন।
খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সিলেট ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলামিন হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।