জীবদ্দশায় ‘উপহারের ঘর’ পাননি বুতিজা, পেলেন ইউপি চেয়ারম্যানের ভাই
নিজ নামে বরাদ্দের ঘরটি পেতে জীবদ্দশায় বুতিজা বেগম স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাদের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু প্রতিকার না পেয়ে একসময় মানসিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অশীতিপর এই অসহায় নারী। প্রধানমন্ত্রীর উপহারের সেই ঘর আপন ভাইকে দিয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
ঘটনাটি কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের। আর সেই ঘর নিজের বড় ভাই আলমগীর মোহাম্মদ সেলিম চৌধুরীকে দিয়ে দিয়েছেন উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম। এ নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হলেও চেয়ারম্যান বলছেন, তাঁর ভাই (আলমগীর) বুতিজার ঘরটি ভাড়া নিয়ে থাকছেন। কাগজে-কলমে ঘরের মালিক বুতিজাই।
বুতিজা বেগম ইউপির ৭ নম্বর ওয়ার্ডের নবীরপাড়ার মৃত গোলাম ছোবাহানের স্ত্রী। গত বছরের জুলাই মাসে প্রধানমন্ত্রীর উপহারের ঘরটির বরাদ্দ পেয়েছিলেন বুতিজা বেগম। এর পাঁচ মাস পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোতাছেন বিল্যাহ প্রথম আলোকে বলেন, রোববার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বুতিজা বেগমের ঘরসহ চেয়ারম্যান শহিদুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগের তদন্ত করেছেন। কিন্তু তদন্তে কী পাওয়া গেছে, সে বিষয়ে তিনি গণমাধ্যমে কিছু বলেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১ লাখ ৩০ হাজার টাকায় নির্মিত একটি ঘর বরাদ্দ পান বুতিজা বেগম। উপজেলা প্রশাসনের গেজেট অনুযায়ী, বুতিজা বেগমের মালিকানাধীন ঘরটি তৈরি হওয়ার কথা ২৯১ খতিয়ানের ৩৪৫৭ দাগের ৮ শতাংশ জমিতে। কিন্তু কৌশলে ঘরটি নির্মাণ করা হয়েছে ইউপি চেয়ারম্যান শহিদুলের পৈতৃক সূত্রে পাওয়া ২৯১ খতিয়ানের ৩৪১৬ দাগের জমিতে। বর্তমানে মৃত বুতিজা বেগমের ওই ঘরে অবস্থান করছেন চেয়ারম্যান শহিদুলের বড় ভাই আলমগীর।
স্থানীয় লোকজন ও আওয়ামী লীগ নেতাদের দাবি, উপজেলা প্রশাসনের সঙ্গে প্রতারণা করে চেয়ারম্যান শহিদুল উপহারের ঘরটি তাঁর নিজের জমিতে তৈরি করেন এবং বুতিজাকে ঘর পাওয়া থেকে বঞ্চিত রাখেন। নিজ নামে বরাদ্দের ঘরটি পেতে জীবদ্দশায় বুতিজা বেগম স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাদের শরণাপন্ন হয়েছিলেন। কিন্তু প্রতিকার না পেয়ে একসময় মানসিকভাবে দুর্বল ও অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বর্তমানে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাশের দেওয়া তাঁর ঘরে আছে প্রতিবন্ধী মেয়ে জীবন আরা বেগম (৩৮)।
চেয়ারম্যান শহিদুলের আরেক বড় ভাই এম মিসবাহ উদ্দিন বলেন, ‘বুতিজা বেগম ছোটবেলা থেকেই তাঁদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তাঁর বাবা বুতিজার বিয়েও দেন। মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটা ভিটাজমিও লিখে দেন বুতিজাকে। বুতিজা মৃত্যুর আগপর্যন্ত চেয়ারম্যান শহিদুলের বাড়িতে কাজ করে খেতেন। কিন্তু তাঁর (বুতিজার) উপহারের ঘর কেড়ে নিয়ে চেয়ারম্যান শহিদুল নিজের ভাইকে দিয়ে এলাকায় বিতর্কের সৃষ্টি করলেন। একইভাবে আরেক অসহায় নারী মাহফুজা বেগমের উপহারের ঘর অন্যজনকে বরাদ্দ দেওয়ার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে শহিদুলের বিরুদ্ধে।
উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল করিম বলেন, শহিদুল চেয়ারম্যানের বিতর্কিত কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন যেমন হচ্ছে, তেমনি ভালো একটি সরকারি উদ্যোগের বদনাম হচ্ছে। চেয়ারম্যান তাঁর গৃহকর্মীর (বুতিজার) উপহারের ঘরটি নিজের ভাইকে দিয়ে দিয়েছেন, শুধুই তা–ই নয়, অসহায় মাহফুজার কাছ থেকেও ৫০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। তা ছাড়া দক্ষিণ উজানটিয়ায় উপহারের চারটি ঘর প্রভাবশালীদের পাইয়ে দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। চারজনের মধ্যে দুজন প্রবাসী এবং দুজন লবণ ব্যবসায়ী।
মাহফুজা বেগম বলেন, সরকারি অনুদানের ৫০ হাজার টাকার একটি চেক উপজেলা প্রশাসন থেকে তাঁকে দেওয়া হয়। তাঁর ছেলে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে সেখানে উপস্থিত হন চেয়ারম্যান শহিদুল। তখন ৫০ হাজার টাকা না দিলে নিজের নামে (মাহফুজার) বরাদ্দ পাওয়া ঘরটি আরেকজনকে দিয়ে দেওয়ার হুমকি দেন এবং চেকের পুরো টাকা নিয়ে নেন তিনি।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মৃত্যুর পর বুতিজা বেগমের নামে বরাদ্দ ঘরটি তাঁর বড় ভাইকে (আলমগীর) ভাড়া দেওয়া হয়েছে। তাঁর ভাই কক্সবাজার শহরে থাকেন, মাঝেমধ্যে ওই বাড়িতে এসে থাকেন। ভাড়ার টাকা নিচ্ছেন নিহত বুতিজার এক ছেলে। উপহারের আরও ঘর বরাদ্দের বিপরীতে অন্য কারও কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ঘরে-বাইরের শত্রুরা তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত। বুতিজা বেগম তাঁদের সবাইকে কোলেপিঠে মানুষ করেছেন। তাঁর ঘর কেন তিনি দখল করবেন।
চেয়ারম্যান শহিদুল ২০০১ সালে উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। এখন তিনি পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধে আপন বড় ভাইয়ের (মিসবাহ উদ্দিন) বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, আপন ভাই হলেও মিসবাহ উদ্দিনের সঙ্গে ২০০১ সাল থেকে তাঁর বিরোধ চলে আসছে। মামলা ও মোকদ্দমাও আছে অনেক। তা ছাড়া তিনি বিএনপির লোক। এ জন্য তিনি (মিসবাহ) তাঁর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলে বেড়াচ্ছেন।
স্থানীয় লোকজন জানান, বুতিজা বেগমের দুই ছেলে ও দুই মেয়ে। দুই ছেলে কামাল হোসেন, জাকের হোসেন ও মেয়ে ময়ূরী বেগম বিয়ের পর আলাদা সংসার পাতেন। ২০১২ সালে বুতিজার নিজের ৪ শতাংশ জমিতে একটি বাড়ি তৈরি করে দেয় কারিতাশ। মৃত্যুর আগপর্যন্ত সেই ঘরে প্রতিবন্ধী মেয়ে জীবন আরা বেগমকে নিয়ে থাকতেন বুতিজা বেগম।