রানীনগরে উপস্বাস্থ্য কেন্দ্র
জীবন বাঁচানোর কেন্দ্রেই ঝুঁকি নিয়ে সেবা
প্রায় পাঁচ বছর আগে এই কেন্দ্রের ভবন পরিত্যক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ। ভবনের দরজা–জানালা ভেঙে গেছে। দেয়ালের ইটও নেই কোথাও কোথাও।
নওগাঁর রানীনগর উপজেলার একডালা ইউনিয়নের নারায়ণপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন ধরে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ভবনের ছাদ থেকে শুরু করে দেয়াল ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা করছেন চিকিৎসক ও রোগীরা।
রানীনগর উপজেলা সদর থেকে নারায়ণপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণপুর গ্রামে আশির দশকে উপস্বাস্থ্য কেন্দ্রটি স্থাপন করে সরকার। এরপর থেকে এই স্বাস্থ্যকেন্দ্রটিতে আর কোনো সংস্কার করা হয়নি।
উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।কে এইচ এম ইফতেখারুল আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রানীনগর
প্রায় পাঁচ বছর আগে এই কেন্দ্রের ভবন পরিত্যক্ত ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। ভবনের দরজা–জানালা ভেঙে গেছে। দেয়ালের ইটও নেই কোথাও কোথাও। এমন ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। স্থানীয় লোকজনের ভাষ্য, উপস্বাস্থ্য কেন্দ্র এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে রাতেও। কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় রাতে সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। দিনের বেলাতেও স্থানীয় লোকজন গবাদিপশু চরান কেন্দ্রের আশপাশে।
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল, আমজাদ হোসেনসহ কয়েকজন বলেন, এলাকার মানুষ জরুরি চিকিৎসাসেবা এই স্বাস্থ্যকেন্দ্র থেকে পান। কিন্তু বর্তমানে এর যে করুণ দশা, তাতে কেন্দ্রে যেতেই ভয় কাজ করে। ছাদের পলেস্তারা খসে সেবাগ্রহীতার মাথায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
কেন্দ্রের ফার্মাসিস্ট মামুনুর রশিদ বলেন, জীবনের ঝুঁকি নিয়ে এখানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে হচ্ছে। কখন যে দুর্ঘটনা ঘটে, তার কোনো নিশ্চয়তা নেই। তবু এ অঞ্চলের মানুষের মধ্যে জরুরি চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এইচ এম ইফতেখারুল আলম বলেন, বেশ কয়েক বছর আগে এই স্বাস্থ্যকেন্দ্রের সব ভবনকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু কোনো উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। বেশ কয়েকবার কেন্দ্রের করুণ অবস্থার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হলেও ফল পাওয়া যায়নি।