জীবননগর সীমান্তে ৯ বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটক
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বেণীপুর গ্রামের আটপিকা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসানের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আজ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও একজন কিশোরী হওয়ায় তাঁদের নাম প্রকাশ করা হয়নি। আটক অপর পাঁচজন হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার হোন্দাখাটা গ্রামের সোলেমান খান (৪২), পশ্চিমখাদা গ্রামের মো. সবুর খান (২৩), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার আমিনী গ্রামের ইমন হোসেন (১৯) ও বাঘারপাড়া উপজেলার মাইঝালি গ্রামের মোজাম্মেল হোসেন (৪০) ও শরীয়তপুরের পালং থানার চরযাদবপুর গ্রামের এনায়েত হোসেন (৩৮)।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, আটক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩–এর ১১৯(১)(গ) ধারায় চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা করার বিষয়টির প্রক্রিয়াধীন।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন, কাজের সন্ধানে তাঁরা দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন। তবে কেউই দালালকে সরাসরি চেনেন না। তাঁরা মূলত মুঠোফোনে যোগাযোগ ও চুক্তি করে থাকেন। তিনি আরও বলেন, বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে দালালেরা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে মুঠোফোনও কেড়ে নিয়ে যান। দালালদের ধরার চেষ্টা চলছে।