জীবনযুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এক নিঃসঙ্গ মেহেদীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেদী হাসান

সেই ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। জীবনযুদ্ধে জয়ী হতে প্রেরণাদায়ী মাকে সঙ্গে নিয়ে লড়াইটা শুরু করেছিলেন ভালোই। কিন্তু মাঝপথে শারীরিক অসুস্থতা। তাতে খেই হারিয়ে ফেলেছেন। প্রাণঘাতী লিভার সিরোসিস এবং কিডনির রোগে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকাটাই দায়। যন্ত্রণায় ছটফট করতে থাকা মেহেদী হাসানের দুমুঠো ভাতই যেখানে কপালে জোটে না ঠিকমতো, সেখানে চিকিৎসা হবে কোথা থেকে।

মেহেদী হাসানের (৩৫) জীবনের সত্যিকার গল্পটা হয়তো আরও জটিল। কারণ, একরকম জীবন–মৃত্যুর সন্ধিক্ষণেই আছেন তিনি। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়িতে। বিবিএ শেষ করে ২০১২ সালে রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউসে চাকরি নিয়েছিলেন। মা, বোন আর ছোট ভাইকে নিয়ে ভালোই চলছিল ছোট পরিবার। কিন্তু সুখ বেশি দিন সইল না।

২০২০ সালে মেহেদীর কিডনিতে জটিলতা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ায় কিছুটা কমতে থাকে রোগের যন্ত্রণা। কিন্তু কী নিয়তি! তত দিনে শরীরে বাসা বেঁধেছে আরেক প্রাণঘাতী রোগ লিভার সিরোসিস। মা–ভাই–বোন সবার কপালে তখন চিন্তার ভাঁজ। কী করে ব্যয়বহুল এসব রোগের চিকিৎসা চলবে। তারপরও মা ও স্কুলপড়ুয়া ভাই মিলে টেনে নিচ্ছিল সংসার; সাধ্যমতো চেষ্টা করছিল মেহেদীর চিকিৎসার। অসুস্থতা একসময় এত বেশি হয় যে মেহেদীকে সার্বক্ষণিক দেখভালের জন্য একজনের প্রয়োজন হতো।

এরই মধ্যে মাথায় বাজ পড়ার মতো অবস্থা। গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান ছোট ভাই। একমাত্র ছোট ভাইটি সামান্য উপার্জনের পাশাপাশি মেহেদীকেও দেখাশোনা করত। এরপর সংসারে বাকি রইল তিনটি প্রাণ। কথায় বলে, ‘ভাগ্যের লিখন, না যায় খণ্ডন।’ নিয়তির কী নির্মম পরিহাস, ছোট ভাইয়ের শোকে কয়েক মাস পরই মারা যান মেহেদীর মা–ও। এরপর বিয়ে হলে বোনটিও চলে গেল অন্য ঘরে। এখন মেহেদী শুধুই একা। একেবারে নিঃসঙ্গ।

একদিকে মেহেদীর চিকিৎসায় বিপুল অঙ্কের টাকা প্রয়োজন; অন্যদিকে প্রয়োজন দেখভাল করার জন্য সার্বক্ষণিক কোনো মানুষের। চিকিৎসা ও দেখভালের অভাবে সম্ভাবনাময় মেহেদীর ধীরে ধীরে শেষ হয়ে যাওয়া মেনে নেওয়া যায় না।

চিকিৎসকেরা বলছেন, উন্নত চিকিৎসা ও নিয়মিত ওষুধ–পথ্যের মাধ্যমে সুস্থ করা সম্ভব মেহেদীকে। কিন্তু সেটা কীভাবে সম্ভব? শারীরিক ও আর্থিকভাবে প্রায় অচল মেহেদীর একার পক্ষে সেটা রীতিমতো অসাধ্য। তবে, এই মুহূর্তে আপনার–আমারই সহায়তায় বাঁচানো সম্ভব স্বপ্নাতুর চোখ ফিকে হয়ে আসা মেহেদীকে।

সহায়তা পাঠানোর ঠিকানা
মোহাম্মদ মেহেদী হাসান, ব্যাংক হিসাব নম্বর: ৮৮০.৬০০.৭৩৭১, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, পিএলসি, উত্তরা শাখা, ঢাকা। সহায়তা পাঠানো যাবে বিকাশেও: ০১৯১৩–৪৯০৯৮৬ (পারসোনাল)।