‘জীবনেও ভাবি নাই চরোত কারেন্ট আসপে’
‘জীবনেও ভাবি নাই চরোত কারেন্ট আসপে। আলো জ্বলবে। এ্যালা মোবাইল চার্জ দিবার জন্য নদীর ওপার যাওয়া নাগবার নয়।’ বিদ্যুৎ–সংযোগ পেয়ে খুশিতে কথাগুলো বলেন কুড়িগ্রাম প্রথম আলো চরের বাসিন্দা হাশেম আলী মুন্সির।
বিদ্যুৎ–সংযোগ পেয়ে কৃষক মফিজুল ইসলাম বলেন, ‘চরের মানুষের কাছে আজ আনন্দের দিন। কোনো দিন চিন্তাও করি নাই কারেন্টের বাতি জ্বলবে। খুব ভালো নাগবার নাগছে। সারা জীবন নেমপো আর হারিকেন জ্বলে আছিলাম। এখন কারেন্টের বাতি জ্বলাম।’
গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদরে প্রথম আলো চর আলোর পাঠশালা চত্বর থেকে সুইচ টিপে চারটি চরে বিদ্যুৎ–সংযোগের উদ্বোধন করেন জেলা প্রশাসক রেজাউর করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফার ইয়াসমিন, কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মহিতুল ইসলাম, উপমহাব্যবস্থাপক রথীন্দ্র নাথ বর্মন ও আতিকুর রহমান। বক্তব্য দেন প্রথম আলো চরের বাসিন্দা ফজলার রহমান।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, ‘এ রকম প্রত্যন্ত চরাঞ্চলের মানুষ বিদ্যুৎ পাবে, এটা স্থানীয় ব্যক্তিরা কোনো দিন ভাবতেই পারেননি। তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। মুজিব বর্ষ উপলক্ষে তিনি বলেছেন, সবার ঘরে আলো পৌঁছে যাবে। আশা করি এ বছর কুড়িগ্রামের সব ঘরে আলো পৌঁছে যাবে। শুভসূচনা হলো মাত্র।’ তিনি আরও বলেন, ‘প্রথম আলো চরে আসতে পেরে এবং প্রথম আলো ট্রাস্টের পরিচালনায় আলোর পাঠশালা দেখে ভালো লাগল। এ জন্য প্রথম আলো ও ট্রাস্টকে ধন্যবাদ।’
কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি মহাব্যবস্থাপক মহিতুল ইসলাম বলেন, চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া একটি চ্যালেঞ্জ। নদ–নদীর তলদেশ দিয়ে কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ দিতে হচ্ছে। এতে চরাঞ্চলের মানুষ উপকৃত হবে। জীবনযাত্রা বদলে যাবে।
চরের বাসিন্দা ফজলার রহমান বলেন, ‘আমাদের কী সৌভাগ্য! এই চর থাকি সব চরের বাতি জ্বলল। মানে, জেলা প্রশাসক সাহেব প্রথম আলো চরে আসি উদ্বোধন করল। এর চায়া আর কী আনন্দ আছে? হামার স্কুল আছিল না, প্রথম আলো ট্রাস্ট স্কুল দিছে। ছাওয়ারা ন্যামপো দিয়া পড়াশোনা করে। এ্যালা কারেন্ট আসল। বাতি জ্বলে পড়বেন। ধান ভাঙ্গা মিল হইবে। শ্যালো মেশিন দিয়া জমিত পানি দিবার পাম। কত সুবিধা হইল।’
কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি জানায়, বিদ্যুতের আওতায় আসা চরগুলো হলো প্রথম আলো চর, চর রসুলপুর, চর কাফনা ও মাঝের চর। এর মধ্যে প্রথম আলো চরে গ্রাহকের সংখ্যা ২৫৪, রসুলপুর ৩১৮, কাফনায় ১৭৫ ও মাঝের চরে ৮৭। এর মধ্যে সোমবার সংযোগ পেয়েছেন ২৭৩ জন গ্রাহক। পর্যায়ক্রমে সব গ্রাহককে সংযোগ দেওয়া হবে।
সমিতি আরও জানায়, জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকায় দুধকুমার নদের তলদেশ দিয়ে সাবমেরিন কেব্লের মাধ্যমে পাইপলাইন নিয়ে চরগুলোতে সংযোগ দেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম–লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নির্বাহী প্রকৌশলী খন্দকার খাদেমুল ইসলাম বলেন মুজিব বর্ষে শতভাগ অফগ্রিড এলাকা বিদ্যুতায়ন করা হবে। এ লক্ষ্যে কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ব্রহ্মপুত্র, দুধকুমার ও তিস্তা নদ–নদীর তলদেশ দিয়ে কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে ৪০টি চরাঞ্চলের ১৭ হাজার ৫৬০ জন গ্রাহককে সংযোগ দেওয়া হবে। ১৮টি পয়েন্টে কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে সংযোগ দেওয়া হবে। এর মধ্যে ২টি চালু করা হলো। বাকি ১৬টির কাজ চলমান। এই দুটি হলো নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ও ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি।