জীবনের ঝুঁকি নিয়ে চলাচল

প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। ২০১৯-২০ সালে খালটি খনন করার পরই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেতুটির মাঝখানে ও নিচের কয়েকটি স্থান ভেঙে গেছে। সেতুতে উঠতে বাঁ পাশের বেশ কয়েক জায়গার মাটি সরে গেছে। সম্প্রতি গোয়ালন্দ উপজেলার তেনাপচা খালে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচায় অপরিকল্পিতভাবে খাল খননের কারণে ঝুঁকিতে পড়েছে একটি সেতু। যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

সেতুটির অবস্থান তেনাপচা আশ্রয়ণ ইউজেড-আরএইচডি (পিয়ার আলী মোড়) এলজিইডি সড়কের ৫২৩ মিটার চেইনেজে। ২০০২-০৩ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে ১২ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। ২০১৯–২০ সালে খালটি খনন করার পরই সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, সেতুটির মাঝখানে ও নিচের কয়েকটি স্থান ভেঙে গেছে। সেতুতে উঠতে বাঁ পাশের বেশ কয়েক জায়গার মাটি সরে গেছে। ঝুঁকি নিয়ে মাহিন্দ্রা, অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও পথচারী আসা–যাওয়া করছে। খালের দুই পাড়ে গাছের গুঁড়ি ও টিন দিয়ে ভাঙন রোধের কাজ চলছে।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম বলেন, বর্ষাকালে প্রচণ্ড বেগে পানি প্রবাহিত হওয়ায় পাশের মাটি ধসে সেতুটি দেবে গেছে। দুর্ঘটনার ঝুঁকি থাকায় নভেম্বরের শুরু থেকেই ভারী যান চলাচল বন্ধ রয়েছে। হালকা যান ও পথচারী চলাচল অব্যাহত থাকায় যেকোনো মুহূর্তে সেতুটি সম্পূর্ণ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ইকবাল সরদার বলেন, খালের উভয় পাশে বাড়িসহ স্থাপনা থাকায় নিয়ম অনুযায়ী খনন করা সম্ভব হয়নি। খাল অনুযায়ী সেতুটি সঠিক মাপে করা হয়নি বলে পানিপ্রবাহের চাপে সেতুর কয়েক স্থান ধসে গেছে। ভাঙন রোধে এখন প্যালাসাইডিংয়ের কাজ চলছে।

সেতুটি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ইউনিয়ন এবং গোয়ালন্দের ছোট ভাকলা, রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ও বরাট ইউনিয়নের লোকজনের যাতায়াতের অন্যতম মাধ্যম। গোয়ালন্দ উপজেলার সঙ্গে রাজবাড়ী সদর উপজেলার সহজ ও নিরাপদ যোগাযোগের ক্ষেত্রে বিকল্প পথ হিসেবে প্রতিদিন কয়েক শ মানুষ চলাচল করে এ পথে। অনেক কৃষক কৃষিপণ্য হাঁটবাজারে কেনাবেচা করতে এবং অনেক স্কুল-কলেজের শিক্ষার্থী এ সেতু ব্যবহার করে।

দেবগ্রাম ইউপির উত্তর চর পাচুরিয়া গ্রামের কৃষক জাকির শেখ বলেন, ‘আমরা জেলা শহরে যাতায়াতের ক্ষেত্রে সহজ ও নিরাপদ হিসেবে এ পথ ব্যবহার করি। অনেক কৃষিপণ্য বিক্রির জন্য ছোট গাড়িতে করে এ সেতু ব্যবহার করতাম। সেতুটি দেবে যাওয়ায় পাঁচ মাস ধরে প্রায় দুই কিলোমিটার পথ ঘুরে বেড়িবাঁধ হয়ে রাজবাড়ীতে যাই।’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত জায়গা ও ঢালু না রেখে খাল খনন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে সিসি ব্লক বা জিও ব্যাগ ফেলা হয়নি। গত দুই বছরে বর্ষার পানি খাল দিয়ে প্রচণ্ড বেগে প্রবাহিত হওয়ায় সেতুর নিচে ও পাশের মাটি ধসে যায়। খালের পাড়ে ভাঙনের কারণে ছয়-সাতটি পরিবার অন্যত্র সরে গেছে। আরও কয়েকটি পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান বলেন, খালের ওপর প্রায় সাড়ে ৫ মিটার চওড়া ও ৩০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা দরকার।